পূর্ব জেরুজালেমে এক ফরাসি নানের (সন্ন্যাসিনী) ওপর ইসরায়েলি নাগরিকের ন্যাক্কারজনক হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। ভাইরাল হওয়া সিসিটিভি ভিডিওতে দেখা যায়, এক ইসরায়েলি ওই ফরাসি নানকে লাঞ্ছিত করেন। ওই নারীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে অনবরত লাথি মারেন। ঘটনাটি ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক অঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়।
দখলদার ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের এ বর্ণবাদী হামলার অভিযোগে এক ইসরায়েলি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। বিবিসি জানিয়েছে, গত মঙ্গলবার এ ঘটনা ঘটে এবং অভিযোগের ভিত্তিতে ৩৬ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করা হয়। বুধবার এ তথ্য নিশ্চিত করে ইসরায়েলি পুলিশ।
পুলিশ এক বিবৃতিতে জানায়, ব্যাপক তল্লাশির পর কর্মকর্তারা সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতার করেছেন। বর্ণবাদমূলক হামলার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আটক ব্যক্তির রিমান্ড বাড়ানোর জন্য তাকে জেরুজালেম ম্যাজিস্ট্রেট আদালত-এ হাজির করার কথা রয়েছে।
পুলিশের প্রকাশ করা একটি ছবিতে ভুক্তভোগী নানের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। উল্লেখ্য, পূর্ব জেরুজালেমের বিভিন্ন গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশ্বের নানা দেশ থেকে আগত শত শত ধর্মযাজক ও নান দায়িত্ব পালন করেন। যেখানে খ্রিস্টান ও মুসলিম ধর্মীয়দের ওপর হামলার ঘটনা বেড়েছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় স্থাপনাতেও হামলার ঘটনা ঘটছে নিয়মিত।
বিডি-প্রতিদিন/শআ