বরিশালের হিজলা উপজেলায় নিম্ন আয়ের পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
তৃতীয় পর্যায়ে উপজেলার বরজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৬৫টি পরিবারের মাঝে এ কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, জনগণের অর্থনৈতিক মুক্তি ও জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এনে একটি স্বাবলম্বী পরিবার গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ উদ্দেশে সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, সঠিকভাবে কার্ড বিতরণ ও পণ্য সরবরাহ নিশ্চিত করা গেলে দেশের দারিদ্র্য বিমোচনে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাছাই প্রক্রিয়া শেষে আরও পরিবারকে এ কার্যক্রমের আওতায় আনা হবে। তবে যারা ইতোমধ্যে অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন, তারা এ কার্ডের সুবিধা পাবেন না।
বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং উপকারভোগীরা।
বিডি-প্রতিদিন/টিএ