নোয়াখালীর বেগমগঞ্জে একটি বাজারে মুখোশধারী অস্ত্রধারীদের এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণে স্কুলশিক্ষকসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের বাংলাবাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন স্থানীয় শামসুন্নাহার উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজিবুজ্জামান (৫৬), দোকান কর্মচারী মো. সাকিব (১৭) ও মোহাম্মদ নাজিম উদ্দিন (১৮)। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি ও স্প্লিন্টারের আঘাত লেগেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে ১০ থেকে ১২ জন মুখোশধারী অস্ত্রধারী বাজারের পূর্ব গলি দিয়ে নোয়াখালী-লক্ষ্মীপুর প্রধান সড়কের দিকে আসে। এরপর তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।
এ সময় সড়ক দিয়ে যাওয়ার পথে শিক্ষক রাজিবুজ্জামান, দোকান কর্মচারী সাকিব ও নাজিম গুলিবিদ্ধ হন।
রাজিবুজ্জামানের শ্যালক মো. সুমন জানান, রাজিবুজ্জামানের পিঠ, হাত ও বুকে কয়েকটি ছররা গুলি লেগেছে। বর্তমানে বাড়িতে রেখেই তাঁর চিকিৎসা চলছে।
বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা তাঁর দোকানের সামনেও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তাদের সবার মুখে মুখোশ ছিল। পরে এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে তারা ঘটনাস্থল ছেড়ে যায়।
নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাজিব উদ্দিন চৌধুরী বলেন, রাত ১টার দিকে বেগমগঞ্জ উপজেলা থেকে ছররা গুলিতে আহত সাকিব ও নাজিম হাসপাতালে আসেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ছররা গুলি ও স্প্লিন্টারের আঘাতে তিনজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আহতদের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।