শেরপুরে অবশেষে শতবর্ষী বট বৃক্ষ রক্ষা পেলো কাটা থেকে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এর হস্তক্ষেপে।জানা গেছে, শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়ের চর নামাপাড়া পুরাতন ঈদগাহ মাঠের ঐতিহ্যবাহী শতবর্ষী একটি বট বৃক্ষ কেটে ঈদগা মাঠের সংস্কার করার জন্য একটি ফেইসবুক পেইজে প্রকাশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিষয়টি তাৎক্ষণিকভাবে শেরপুরের পরিবেশবাদী সহ বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে। এক পর্যায়ে বিষয়টি শেরপুরের জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেন বিষয়টি দেখার জন্য। পরে খোঁজ নিয়ে দেখা যায় প্রায় ৮ শতক জমির উপর ওই ঈদগা মাঠ এবং বট বৃক্ষটি ওয়াকফ সম্পত্তি ভুক্ত। তাই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে যোগাযোগ করে গাছটি কাটা বন্ধ করে দেন।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক ইনকিলাবকে বলেন, ইতিমধ্যে আমি স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং সহকারী কমিশনার (ভূমি) এর মাধ্যমে কমিটির লোকজনকে বলে দিয়েছে গাছটা যেন কোন অবস্থায় কাটা না হয়। তারা আশ্বাস দিয়েছে গাছটি আর কাটা হবে না।
এ বিষয়ে জেলা প্রশাসন ফরিদা ইয়াসমিন দৈনিক ইনকিলাবকে বলেন, গাছের ছবিসহ প্রকাশ্যে বিজ্ঞপ্তি বিষয়টি স্থানীয় ব্যক্তিদের নজরে আসলে আমাকে জানানো হয়। আমি পরবর্তীতে সদর ইউএনওকে নির্দেশনা দেই ব্যবস্থা নেওয়ার জন্য।