বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি রাবারবাগান থেকে অস্ত্রের মুখে তিন শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। গতকাল ভোরে উপজেলার বাইশারী ইউনিয়নের আবীর রাবারবাগান থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন এনামুল হক (২০), নুরুল ইসলাম (২০) ও হাসান (২০)। তারা কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা।

বাগানের মালিক ও বাইশারী ইউনিয়ন বিএনপির প্রাক্তন সভাপতি আবদুল করিম বান্টু বলেন, ‘রাত ২টার দিকে বাগানের টেপার (রাবার কষ সংগ্রহকারী) নুরুল ইসলামের মাধ্যমে বিষয়টি জানতে পারি। সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে বাগানের স্টাফকোয়ার্টারে ঢুকে পড়ে। এ সময় বাগানে নারী-শিশুসহ ১৩ জন অবস্থান করছিলেন। তাদের মধ্য থেকে তিন যুবককে অজ্ঞাতস্থানে নিয়ে যায় সন্ত্রাসীরা।’ নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক জানান, অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে। এদিকে কক্সবাজারের রামুতে এক ইউপি সদস্যকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে ঈদগাঁও-ঈদগড় সড়কের পানেরছড়া ঢালা নামক স্থানে গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে নিয়ে যায়। অপহৃত রুস্তম আলী (৪০) ঈদগড় ইউনিয়নের পরানিয়াপাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি ঈদগড় ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খুরশেদ আলম বলেন, ঈদগাঁও স্টেশন থেকে একটি জিপ গাড়িতে চালক ও এক ব্যক্তিসহ রুস্তম আলী বাড়ি ফিরছিলেন। পানেরছড়া ঢালা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অস্ত্র দেখিয়ে গাড়িটি থামায়। গাড়িতে থাকা সবাইকে মারধর করে মোবাইল, নগদ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে। অস্ত্রের মুখে জিম্মি করে রুস্তম আলীকে তুলে নিয়ে যায়। ভুক্তভোগী দুই ব্যক্তি এলাকায় ফিরে ঘটনাটি পুলিশকে জানান। তিনি আরও বলেন, অপহণের কিছু সময় পরই পরিবারের সঙ্গে যোগাযোগ করে অপহরণকারীরা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। জড়িতদের গ্রেপ্তার ও অপহৃতকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews