২০২৪ সালের ৫ আগস্ট রাজনীতির পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন ক্রীড়া সংস্থায় এডহক কমিটি গঠিত হলেও মাঠের কার্যক্রমে তেমন কোন গতি আসেনি। সেই প্রেক্ষাপটে চট্টগ্রাম ক্রীড়াঙ্গণও ছিল স্থবির। মাঠের খেলাধুলা ছিল বন্ধ। চট্টগ্রামের ক্রীড়া সংগঠকরা একত্রিত হয়ে সিজেকেএস ক্লাব সমিতি গঠন করে নিজেরা চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ফুটবল ও ক্রিকেট চালিয়ে খেলোয়াড়দের উজ্জীবিত করে রেখেছিল। জাতীয় ক্রীড়া পরিষদ পূর্বের এডহক কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠনের একটি সার্কুলার জারি হলে চট্টগ্রাম ক্রীড়াঙ্গণে শুরু হয় নির্বাচনী হাওয়া। দীর্ঘদিনের স্থবিরতা, মাঠে খেলা না থাকা এমন গুমোট অবস্থায় এ সার্কুলার চট্টগ্রাম ক্রীড়াঙ্গণের সকল স্তরের মানুষের মাঝে দেখা গেছে একটা ঈদের আনন্দ।

সিজেকেএস ক্লাব সমিতি গত ১৬ এপ্রিল স্বাধীনতা দিবস, বাংলা বর্ষবরণ ও ক্লাব সমিতির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি ক্রীড়া সংগঠক ও তাদের পরিবারের মিলনমেলায় পরিণত হয়। এতে একে অপরের মধ্যে কোলাকুলি, কুশল বিনিময়, সালাম ও দোয়া এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে দেখা গেছে। তাদের মুখে মুখে একটাই বাক্য কবে আসছে সিজেকেএসের নির্বাচনের তফশিল, কবে ফিরবে খেলাধুলার প্রাণচাঞ্চল্য। শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। কেউ কেউ প্রার্থী হওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আবার কেউ তফশিল ঘোষণার অপেক্ষায় রয়েছেন। তারপরও স্টেডিয়াম পাড়ায় এখন নির্বাচনী আলোচনা প্রাধান্য পাচ্ছে। বিশেষ করে সাধারণ সম্পাদক পদটি ঘিরে আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি। এ পদে প্রতিদ্বন্দ্বিতায় আছে চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিজেকেএসের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ক্রীড়াবিদ মো. হাফিজুর রহমান, পরীক্ষিত ক্রীড়া সংগঠক চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ও দাবা ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, চট্টগ্রাম ডিএফএ সভাপতি ও সাবেক ফুটবলার এস এম শহীদুল ইসলামসহ আরো কয়েকজনের নাম।

শুধু সাধারণ সম্পাদক পদটি ছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে সহ-সভাপতি, অতিরিক্ত সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নবীন ও প্রবীণ মিলে একাধিক প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, কারাতে ফেডারেশনের সাবেক সভাপতি শাহজাদা আলম, সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সিজেকেএসের কোষাধ্যক্ষ সাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, সাবেক ফুটবলার মো. শাহজাহান, সাবেক ক্রিকেট সেক্রেটারি আবদুল হান্নান আকবর, গোলাম মহিউদ্দিন হাসান, সরওয়ার আলম মনি, মাহবুবুল আলমসহ আরো অনেকের নাম আলোচনায় আছে। নির্বাহী সদস্য পদে আগ্রহীর সংখ্যা অনেক বেশি। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন নাসির মিয়া, আলী হাসান রাজু, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সাইফুল আলম খান, কল্লোল দাশ, মো. মজিবুর রহমান, এস এম সাইফুদ্দিন চৌধুরী, শওকত হোসাইন, রায়হান উদ্দিন রুবেলসহ আরো অনেকে। সব মিলিয়ে চট্টগ্রাম ক্রীড়াঙ্গণে এখন আলোচিত বিষয় হচ্ছে সিজেকেএস নির্বাচন।

এদিকে জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা মোতাবেক ইতিমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা সাত সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি প্রস্তাব আকারে ক্রীড়া পরিষদে পাঠিয়েছে। সেখান থেকে অনুমোদন হয়ে এলে এডহক কমিটির প্রথম সভা থেকে ৯০ দিনের মধ্যে অথবা দ্রুতসময়ে সিজেকেএস নির্বাচন আয়োজনের ওই কমিটির প্রধান দায়িত্ব।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews