সিলেট টেস্টে তৃতীয় দিনেই চালকের আসনে বসে গিয়েছিল বাংলাদেশ। আজ চতুর্থ দিনের খেলা শেষ করলো জয়ের সুর বেঁধে। অস্বাভাবিক কিছু না ঘটলে বুধবার সকাল সকাল শেষ হতে যাচ্ছে বাকি আনুষ্ঠানিকতা।
মঙ্গলবার পাকিস্তান চতুর্থ দিনের খেলা শেষ করেছে ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে। যদিও মোহাম্মদ রিজওয়ান এখনো অপরাজিত আছেন, তবে শেষদিনে সকাল সকাল জয় তুলে নেয়ার কথাই ভাবছে বাংলাদেশ।
জয়ের জন্য পাকিস্তানকে এখনো করতে হবে ১২১ রান। বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে করেছিল ৩৯০ রান। তবে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড থাকায় সংগ্রহটা বেড়ে দাঁড়ায় ৪৩৬ রান।
ক্রিকেট ইতিহাসে এতো রান তাড়া করে জয়ের রেকর্ড নেই। জিততে হলে পাকিস্তানকে তাই গড়তে হবে বিশ্বরেকর্ড। তবে এখন পর্যন্ত যে পথে আছে তারা, তাতে হয়তো সিলেটে এবার আর তা সম্ভব নয়।
রান তাড়া করতে নেমে ১০.২ ওভারে ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি। আব্দুল্লাহ ফজলকে (৬) মেহেদী মিরাজের ক্যাচ বানান নাহিদ রানা। এরপরের উইকেটটা অবশ্য মিরাজই নিয়েছেন।
মিরাজের শিকার আজান আওয়াইস। ২১ রান নিয়ে এলবিডব্লু হন আজান। ৪১ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। এরপরই জুটি গড়েন শান মাসুদ ও বাবর আজম। তাদের ব্যাটে স্বপ্ন দেখতে থাকে সফরকারীরা।
তাদের ব্যাটে পাল্টা আক্রমণ চালায় পাকিস্তান। রান তোলে ওয়ানডে গতিতে। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ ২৬ ওভারে ২ উইকেটে ১০১ রান। জুটিতে আসে ৬১ বলে ৬০।
জুটি ভাঙে ৩৫তম ওভারে, ১১৫ বলে ৯২ রান যোগ করে। জুটি ভাঙেন তাইজুল ইসলাম। তার বল বাবরের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটনের গ্লাভসে। ৫২ বলে ৪৭ রানে আউট হন তিনি।
পাঁচে নেমে থিতু হতে পারেননি সৌদ শাকিল (২১ বলে ৬)। নাহিদ রানার অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দেন তিনি। ১৫৪ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান।
আর ৮ রান যোগ হতেই ফের আঘাত আনেন তাইজুল। এবার তার শিকার পাকিস্তান অধিনায়ক। ভয়ের কারণ হয়ে ওঠা শান মাসুদ আউট হন ১১৬ বলে ৭১ করে। ৩০ রানের মাঝে ৩ উইকেট হারায় পাকিস্তান।
১৬২ রানে ৫ উইকেট তুলে নিয়ে যখন কিছুটা স্বস্তিতে বাংলাদেশ, তখন চাপ বাড়িয়ে দেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। গলার কাঁটা হয়ে ওঠে তাদের মধ্যকার জুটি৷
২৯৬ রানে এসে এই জুটি ভাঙেন তাইজুল। তার শিকার হয়ে সাজঘরের পথ ধরেন সালমান। ১৩৪ রানের জুটি ভেঙে ফেরেন বোল্ড হয়ে, ১১৬ বলে ৭১ রান নিয়ে। তিনি ফেরার পরই ফেরেন হাসান আলী।
এরপর সাজিদ খানকে সাথে নিয়ে দিন শেষ করেন রিজওয়ান। তিনি অপরাজিত আছেন ১৩৪ বলে ৭৫ রান নিয়ে। সাজিদ ব্যাট করছেন ৮ রানে। বাংলাদেশের হয়ে এদিন ৪ উইকেট নিয়েছেন তাইজুল। ২ উইকেট নেন নাহিদ রানা।
উল্লেখ্য, সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করে ২৭৮ রান করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৩২ রানে। ৪৬ রানের লিড পায় স্বাগতিকরা।
লিড নিয়ে ব্যাট করতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান তুলে বাংলাদেশ। পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় তাতে ৪৩৭ রান।