বগুড়ায় পূর্বশত্রুতার জেরে আরিফুল ইসলাম মুন্না (৫০) নামের এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সোমবার (২৩ মার্চ) রাতে সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম মুন্না খন্দকারপাড়ার মৃত ডা. ইয়াছিন আলীর ছেলে। তিনি কৃষিকাজ ও খামার পেশার সঙ্গে জড়িত ছিলেন।

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) লাল মিয়া জানান, নিহতের সঙ্গে একই এলাকার আরেকটি পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধের জেরে সোমবার রাতে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে রাত ১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

নিহতের স্বজনরা জানান, একই পাড়ার প্রতিবেশী সায়েমের সঙ্গে আরিফুলের দীর্ঘদিন ধরে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ ঘটনায় আরিফুল ইসলাম তার বিরুদ্ধে প্রায় তিন লাখ টাকার একটি চেক ডিজঅনার মামলা করেছিলেন। সেই মামলা তুলে নেয়ার জন্য তাকে দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল। এই দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে।

নিহতের ভগ্নিপতি শিহাব উদ্দিন জানান, সোমবার রাতে আরিফুল বাড়ি থেকে বের হয়ে স্কুলের পাশের একটি দোকান থেকে পাউরুটি কিনে বাড়ি ফিরছিলেন। পথে সায়েমসহ একাধিক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। পরে খবর পেয়ে তার ভাই ও স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।

বগুড়া সদর থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম জানান, একই এলাকার দুই পরিবারের মধ্যে পাল্টাপাল্টি মামলা ছিল। সোমবার রাতে এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষরা আরিফুল ইসলামকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। মামলা হলে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করা হবে।

বিডি-প্রতিদিন/মাইনুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews