জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ মুর্শিদুল হক নামে প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জামালপুর র্যাব-১৪। মঙ্গলবার গভীর রাতে শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকার একটি নির্মানাধীন ভবন হতে তাকে আটক করা হয়।
র্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর লাবিদ আহম্মেদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শেরপুর সদর থানার চাপাতলী এলাকার দুলাল মিয়ার নির্মানাধীন ভবনের ৭ম তলায় দীর্ঘদিন হতে একটি সক্রিয় প্রতারক চক্র জাল টাকা তৈরি করে বিভিন্ন বাজারে সরবারহ করে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের সক্রিয় সদস্য মুরশিদুল হককে আটক করা হয়।
এ সময় নগদ ৬ হাজার ৮শ’ জাল টাকা, জাল টাকা তৈরিতে ব্যবহৃত ১টি মনিটর, ৩টি প্রিন্টার, ১টি মোবাইল ফোন ও টাকা তৈরির নানা সরঞ্জাম জব্দ করা হয়। প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানানো হয়।
বিডি প্রতিদিন/এএম