প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখল বেলজিয়াম। প্রায় হারতে বসা ম্যাচটা জিতে নিয়েছে শেষ মুহূর্তে এসে। নাটকীয়ভাবে জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে। ম্যাচ শেষে একটা প্রশ্নই আসবে- এভাবেও ফিরে আসা যায়?

অথচ জয়ের পথেই ছিল সেনেগাল। শেষ ষোলোয় উঠার দোরগোড়ায় পৌঁছেই গিয়েছিল তারা। ৮৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ২-০ গোলে। সেখান থেকে শেষ ৫ মিনিটে বদলে যায় ম্যাচের মোড়।

বেলজিয়াম জোড়া গোল করে ম্যাচে ফেরায় সমতা। আর এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। যেখানে ম্যাচের একদম অন্তিম মুহূর্তে পেনাল্টি পায় বেলজিয়াম। তাতেই ৩-২ গোলে স্বপ্নভাঙে সেনেগালের।

সিয়াটল স্টেডিয়ামে বৃহস্পতিবার উতুঙ্গ উত্তেজনা ছিল শুরু থেকেই। ত্রয়োদশ মিনিটেই এগিয়ে যেতে পারত সেনেগাল। ইসমাইল জ্যাকবসের ক্রস গোলরক্ষক থিবো কোর্তোয়া ঝাঁপিয়ে পড়েও ক্লিয়ার করতে পারেননি।

ছুটে যাওয়া ইসমাইলা সারও ঠিকমতো শট নিতে পারেননি, কোনোমতে তার পায়ে বল লেগে পোস্টে বাধা পায়। অবশ্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। হাবিব দিয়ারা এনে দেন উপলক্ষ।

২৫তম মিনিটে সাদিও মানে চমৎকার ক্রস দেন বক্সে, ইসমাইল সারের হেড কোর্তোয়াকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে, তবে কাছ থেকে জালে পাঠান হাবিব জা। এগিয়ে যায় সেনেগাল।

প্রথমার্ধে বেলজিয়াম তেমন কিছুই করতে পারেনি। সেনেগালও আর গোল পায়নি। তবে বিরতি থেকে ফিরেই দ্বিতীয় গোল তারা আদায় করে নেয় তারা।

মুসা নিয়াখাতের লম্বা পাস, ইসমাইলা সার অনেক পেছন থেকে এসে বুক দিয়ে দারুণভাবে বলটি নিয়ন্ত্রণে নেন, এরপর কর্তোয়াকে পরাস্ত করে হাফ-ভলিতে বল জালে জড়ান। ২-০ গোলে এগিয়ে যায় তেরেঙ্গার সিংহরা।

লিড তারা ধরে রাখে ৮৫ মিনিট পর্যন্ত। ৮৬ মিনিটে এসে প্রতি আক্রমণ থেকে ক্রস পেয়ে প্লেসিং শটে গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে বল জড়িয়ে খেলা জমিয়ে তোলের রুমেরো লুকাকু।

এরপর সিয়াটলে যা হলো তা রীতিমত মহানাটক। বেলজিয়াম ম্যাচে ফিরে আসল অবিশ্বাস্যভাবে। তিন মিনিটের মধ্যে ২ গোল দিয়ে সমতায় ফিরল ইউরোপের কালো ঘোড়ারা।

৮৯তম মিনিটে সমতায় ফেরে বেলজিয়াম। ডান দিক থেকে লেয়ান্ড্রো ট্রসাড ক্রস দেন বক্সে, এগিয়ে গিয়ে হেডে ফাঁকা জালে বল পাঠান টিলেমান্স। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

সেখানেও অনেক নাটকীয়তায় সেনেগালের হৃদয় ভেঙে শেষ হাসি হাসে বেলজিয়াম। অতিরিক্ত সময় শেষ হওয়ার শেষ মুহূর্তে।

উরি টিলেমান্স ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টি দেন।

১২৫তম মিনিটে টিলেমান্স ঠাণ্ডা মাথায় স্পট কিক জালে জড়ালে উল্লাসে মাতে পুরো বেলজিয়াম শিবির। আর হৃদয় ভাঙে সেনেগালের।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews