যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সাম্প্রতিক আর্মেনিয়া ও আজারবাইজান সফরের পর দক্ষিণ ককেশাস অঞ্চলে নিজেদের অবস্থান স্পষ্ট করল রাশিয়া। ক্রেমলিন বুধবার জানিয়েছে যে, তারা এই দুই প্রতিবেশী দেশের সঙ্গেই কৌশলগত ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নয়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আর্মেনিয়া ও আজারবাইজান—উভয়ই আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ অংশীদার এবং প্রতিবেশী। আমরা এই দেশগুলোর সঙ্গে আমাদের ঐতিহাসিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে এবং তা আরও এগিয়ে নিতে আগ্রহী।’

সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স দক্ষিণ ককেশাস অঞ্চলের স্থিতিশীলতা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ওই দুটি দেশ সফর করেন। ভ্যান্সের এই সফরকে ওয়াশিংটনের পক্ষ থেকে ওই অঞ্চলে রাশিয়ার প্রভাব কমানোর একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর থেকে আর্মেনিয়া রাশিয়ার নেতৃত্বাধীন নিরাপত্তা জোটের ওপর আস্থা হারিয়ে পশ্চিমা দেশগুলোর দিকে ঝুঁকেছে।

তবে ক্রেমলিন বিষয়টিকে স্বাভাবিক হিসেবেই দেখছে। পেসকভ জানান, অন্য দেশের সঙ্গে সম্পর্ক রাখা ওই দেশগুলোর নিজস্ব বিষয়, তবে রাশিয়ার সাথে তাদের যে দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থ রয়েছে, সেটি তারা বজায় রাখবে বলেই মস্কো বিশ্বাস করে।

উল্লেখ্য, নাগরনো-কারাবাখ নিয়ে দীর্ঘদিনের বিরোধের পর আর্মেনিয়া ও আজারবাইজান এখন একটি স্থায়ী শান্তি চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। এই শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতা করার জন্য রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে এক ধরণের প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। সূত্র: রয়টার্স।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews