রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচি চালু ও পাঁচটি ইলেকট্রনিক কার দেয়ার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)। সংগঠনটির উদ্যোগে প্রতি বিভাগে একজন ছাত্রী ও একজন ছাত্রকে মাসিক দুই হাজার টাকা করে বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে রুয়ার ২য় কার্যনির্বাহী সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান সংগঠনটির সভাপতি ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

রফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর বিষয়ে আগে থেকেই চিন্তা করছিলাম। আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যে বৃত্তির কার্যক্রম শুরু করা হবে। আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতি বিভাগে একজন ছেলে ও একজন মেয়েকে মাসিক দুই হাজার টাকা করে বৃত্তি দেয়া হবে।’

এ ছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন রুয়া সভাপতি। তিনি জানান, প্রতিটি হলে রিডিং রুমে এসি স্থাপন, রুয়ার নিজস্ব ভবন নির্মাণ এবং ক্যাম্পাসে পুনরায় পাঁচটি ইলেকট্রনিক কার চালুর উদ্যোগ নেয়া হয়েছে। ইলেকট্রনিক কারে শিক্ষার্থীরা ফ্রিতে ক্যাম্পাসে যাতায়াত করতে পারবে।

সিনেট কার্যকর করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘সিনেট শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি। সিনেট বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমরা চাই এটি দ্রুত কার্যকর করা হোক।’

কার্যনির্বাহী সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, প্রো-ভিসি মো: মাঈন উদ্দিন, প্রো-ভিসি অধ্যাপক মোহাম্মদ ফরিদ উদ্দিন খান, রুয়ার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজাম উদ্দিন এবং রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদসহ সংশ্লিষ্টরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews