বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌবাণিজ্য পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নতুন একটি ব্যবস্থার প্রস্তাব দিয়েছে ওমান। মাসকাটে ইরানের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে দেশটি এ প্রস্তাব উত্থাপন করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানিয়েছে, প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালির নৌপথ দুটি পৃথক নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় পরিচালিত হবে। এর মাধ্যমে উত্তর ও দক্ষিণমুখী উভয় রুটেই জাহাজ চলাচল অব্যাহত রাখার পরিকল্পনা করা হয়েছে।

তবে আলোচনাটি এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা হলে প্রণালির উভয় দিকের নৌপথ আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ওমানে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য একটি 'মধ্যবর্তী লেন' চালুর সম্ভাবনাও আলোচনা হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ওমানের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার পর ইরান কার্যত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে। এরপর থেকেই আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ে। এমন পরিস্থিতিতে ওমানের নতুন উদ্যোগ সংশ্লিষ্ট দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews