রাজধানীর আদাবর এলাকা থেকে বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৮ মার্চ) মধ্যরাতে আদাবর থানা পুলিশের এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদাবর এলাকায় অভিযান চালিয়ে কৃষক লীগের এই শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে সরাসরি থানায় নিয়ে আসা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।
তিনি জানান, রাতে আদাবর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে।
তবে সুনির্দিষ্ট কোনো মামলায় বা কোন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
টিটি/এমকেআর