বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে মেহরাব হোসেন অপি এক স্মরণীয় নাম। দেশের হয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করার গৌরব তারই। অনেক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও তিনি এখনও ক্রিকেটের সঙ্গেই যুক্ত, বর্তমানে বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচকের দায়িত্ব পালন করছেন।
তবে সাম্প্রতিক সময়ে অন্য একটি কারণে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন তিনি। গুঞ্জন ছড়ায়, সাবেক এই ওপেনার নাকি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন। বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হলে শেষ পর্যন্ত নিজেই স্পষ্ট ব্যাখ্যা দেন অপি।
শনিবার (২ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে ৪৭ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং নিকট ভবিষ্যতেও রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তিনি সবার প্রতি অনুরোধ করেন, যেন এ ধরনের গুজবে কেউ বিভ্রান্ত না হন।
আরও পড়ুন
আরও পড়ুন তামিমকে নিয়ে ফিক্সিংয়ের অভিযোগ

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আসসালামু ওয়ালাইকুম। আমি সাবেক জাতীয় দলের ক্রিকেটার মেহরাব হোসেন অপি। বর্তমানে আমি কোনও রাজনৈতিক দলের সাথে জড়িত হই নাই এবং কোনও রাজনৈতিক দলের সাথে যুক্ত হচ্ছি না।’
তার এই বক্তব্যের পর গত কয়েক দিন ধরে চলা তার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা-কল্পনার অবসান হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে জাতীয় দলে অভিষেক হয় মেহরাব হোসেন অপির। ১৯৯৯ সালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ১০১ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন তিনি। বাংলাদেশের হয়ে ৯টি টেস্ট ও ১৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই সাবেক ওপেনার।