লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে একটি বানর। আসামির সঙ্গে একই সময়ে তার পোষা বানরটিকেও থানায় নিয়ে আসায় এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাতে চাঁদপুর সদরের ওয়্যারলেস এলাকা থেকে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়নের বাসিন্দা এবং কিশোর অটোরিকশাচালক মো. রাজিব (১৪) হত্যা মামলার প্রধান আসামি।

অভিযোগ রয়েছে, গত শুক্রবার রাতে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে রাজিবকে হত্যা করেন গিয়াস। এ ঘটনায় পরদিন রাতে নিহতের বাবা মো. মোস্তফা বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, আসামি গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে “রাজ” নামের একটি বানর পোষেন। ঘটনার পর পালানোর সময় ওই বানরটিকেও সঙ্গে নিয়ে যান তিনি। পরে গ্রেপ্তারের সময় বানরসহ তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বর্তমানে বানরটি থানা হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, বানরটিকে থানায় আনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। রাতেই অনেক মানুষ থানায় ভিড় করেন বানরটিকে এক নজর দেখতে। থানা প্রাঙ্গণে বানরটির ছোটাছুটি আর দুষ্টুমিতে পুলিশ সদস্যদেরও বেশ বেগ পেতে হচ্ছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews