প্রথমবারের মতো বাংলাদেশের টেস্ট দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত ২৪  বছর বয়সী অমিত হাসান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফরমেন্স করেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া এক ভিডিও বার্তায় অমিত জানান, জাতীয় দলের পরিবেশ তার পূর্ব অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ ভিন্ন।

তিনি বলেন, ‘আমি আগেও ড্রেসিংরুম ভাগাভাগি করেছি। কিন্তু জাতীয় দলের ড্রেসিংরুম অন্য সবকিছু থেকে আলাদা।’

২০১৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমেন্স করার সুবাদে পাকিস্তান সিরিজে দিয়ে প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন অমিত। নারায়নগঞ্জে জন্ম নেওয়া এই ব্যাটার ৪৯ ম্যাচে ৪৯.৩২ গড়ে ৩৬৫০ রান করেছেন। তার ব্যাটে ১১টি সেঞ্চুরি ও ১৭টি হাফ-সেঞ্চুরি ছিল। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২১৩।

ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে দলে সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন অমিত। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি বেশ কয়েক বছর ধরে প্রথম-শ্রেণির ক্রিকেট খেলছি এবং ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছি। এজন্য আমি এখন জাতীয় দলে সুযোগ পেয়েছি।’

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিমকে আদর্শ হিসেবে মনে করেন অমিত। ছোটবেলা থেকেই মুশফিককে অনুসরণ করেন জানিয়ে অমিত বলেন, ‘ছোটবেলা থেকেই আমি মুশফিক ভাইকে অনুসরণ করি, তিনি আমার প্রিয় ক্রিকেটার। ব্যক্তিগতভাবে আমার কোন লক্ষ্য নেই। আমি দলের প্রয়োজন অনুযায়ী অবদান রাখতে চাই।’

আগামী ৮ মে থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ ও পাকিস্তান। ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল।

টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ। এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে ২টি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ ও পাকিস্তান। ১টি করে হার ও ড্র’তে ১৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে বাংলাদেশ। ১টি করে জয়-হারে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে পাকিস্তান।

সূত্র: বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews