মানুষের মননের বিকাশে বই পড়ার বিকল্প নেই। বই পড়ার মাধ্যমে আমাদের চিন্তাচেতনার পরিধি বিস্তৃত হয়, নতুন নতুন জিনিসের সাথে আমরা পরিচিত হই। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, আমাদের দেশের অধিকাংশ মানুষই বই পাঠে তেমন আগ্রহী নন। আমরা বই পড়া বলতে বুঝি শুধু একাডেমিক পড়াশোনা, এর বাইরে অন্য কিছু পড়াকে আমাদের সমাজে সময়ের অপচয় হিসেবে ধরা হয়। এর ফলে আমরা দিনদিন মানসিক বিকাশের দিক দিয়ে পিছিয়ে যাচ্ছি। ২০২৪ সালে করা এক জরিপে দেখা গেছে, বই পড়ার দিক দিয়ে বিশ্বের ১০২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭তম। গড়ে একজন বাংলাদেশি বছরে প্রায় ২.৭৫টি বই পড়েন এবং মাত্র ৬২ ঘণ্টা বইয়ের সাথে কাটান, যা খুবই আশঙ্কাজনক। এই সমস্যা দূর করার অন্যতম একটি উপায় হতে পারে গ্রন্থাগার। দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও জেলায় সরকারি গণগ্রন্থাগার রয়েছে। কিন্তু তা সমগ্র জাতির মননের বিকাশে যথেষ্ট নয়। এখন প্রয়োজন প্রতিটি পাড়া-মহল্লায় অন্তত একটি সরকারি গণগ্রন্থাগার স্থাপন। এতে একদিকে যেমন মানুষের বই পড়ার আগ্রহ ও সুযোগ বৃদ্ধি পাবে, তেমনি গ্রন্থাগারের দেখভালের জন্য লোকবল প্রয়োজন হওয়ায় অনেক মানুষের কর্মসংস্থানেরও সৃষ্টি হবে।
শামা মেহজাবিন
শিক্ষার্থী, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রী কলেজ