এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ করলেও ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। যা জেনে আইসিসি প্রাথমিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) সতর্ক করেছিল। এবার ম্যাচটি খেলতে পাকিস্তানকে রাজি করাতে মধ্যস্থতাকারী হিসেবে ইমরান খাজাকে নিয়োগ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

গালফ নিউজ জানাচ্ছে, ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের পর মধ্যস্থতা করতে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিযুক্ত করেছে আইসিসি। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে সূচি থাকা ম্যাচে পাকিস্তানকে খেলতে পিসিবিকে রাজি করানো তার দায়িত্ব।

আইসিসির ডেপুটি চেয়ারম্যান এবং সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ইমরান খাজাকে মধ্যস্থতাকারীর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। আইসিসির সকল অংশীদারদের সাথে যোগাযোগে সক্ষম এমন একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে তাকে নির্বাচন করা হয়েছে।

একজন সিনিয়র আইনজীবী এবং ক্রিকেট প্রশাসক ইমরান ২০১৭ সাল থেকে আইসিসির ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের ডিসেম্বরে জয় শাহ আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর নতুন মেয়াদে পুনর্নিযুক্ত হন ইমরান। শশাঙ্ক মনোহরের পদত্যাগের পর ২০২০ সালে আইসিসির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হয়ে ইতিহাসও গড়েছিলেন তিনি, কোন সহযোগী দেশের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্ব ক্রিকেটের নেতৃত্ব দেন।

নিরাপত্তা শঙ্কাজনিত কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। আইসিসির কাছে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় নিতে অনুরোধ করেছিল। বিসিবির অনুরোধ আমলে না নিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করেছে আইসিসি। ঘটনার পর থেকে বাংলাদেশের পাশে ছিল পাকিস্তান। পুরো আসর বয়কটের হুমকি দিয়েছিল তারা। গত ১ ফেব্রুয়ারি পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দেয় দেশটির সরকার, তবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের নির্দেশ দেয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews