মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ মানেই বাংলাদেশের জয়-জয়কার। ২০১৮ সালে সাফের বয়সভিত্তিক চ্যাম্পিয়নশিপ আসর শুরু হওয়ার পর থেকে সবচেয়ে সফল দলটির নাম বাংলাদেশ। সাতটি আসরের মধ্যে সবচেয়ে বেশি পাঁচটিতে শিরোপা উঠেছে লাল-সবুজের প্রতিনিধিদের হাতে।
২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ দিয়ে শুরু হওয়া আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশ। মাঝে একটি শিরোপা ছিনিয়ে নেয় ভারত, একটিতে ভাগ বসিয়ে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ও ভারত। সেই ধারাবাহিকতায় আরও একটি শিরোপার দ্বারপান্তে লাল-সবুজের মেয়েরা। এবারও ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত।
মেয়েদের অনূর্ধ্ব-১৯ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের এবারের আসর বসেছে নেপালের পোখারায়। আসরের প্রথম ম্যাচে ভুটানকে গোলবন্যায় ভাসান মুনকি আক্তার, মামোনি চাকমা, অর্পিতা বিশ্বাসরা। ওই ম্যাচে হ্যাটট্রিকসহ ৪ গোল করেন মুনকি আক্তার, হ্যাটট্রিক করেন শ্রীমতি তৃষ্ণা রানী ও আলপি আক্তার। এছাড়া অর্পিতা বিশ্বাস ও মামোনি চাকমা একটি করে গোল করেছিলেন।
দ্বিতীয় ম্যাচে ভারতকেও হারায় বাংলাদেশ। ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে একটি করে গোল করেন অর্পিতা বিশ্বাস ও আলপি আক্তার। শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে হ্যাটট্রিক করেন আলপি আক্তার, অন্য গোলটি এসেছে প্রতিমা মুন্ডার থেকে। আসরে কোন গোল হজম না করে অপরাজিত হয়েই ফাইনালে উঠেছে অর্পিতা বিশ্বাসের দল।
মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ২০২৫ সালের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ওই শিরোপা জয়ের মাধ্যমে বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা উঠেছিল লাল-সবুজের প্রতিনিধিদের। অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২০ সবগুলোর শিরোপা এখন বাংলাদেশের দখলে। এছাড়া টুর্নামেন্টের সবচেয়ে বেশি পাঁচটি শিরোপার মালিকও বাংলাদেশ।
২০১৮ সালে ভুটানের আয়োজিত অনূর্ধ্ব-১৮ দিয়ে শুরু হওয়া সাফের বয়সভিত্তিক আসরে প্রথম শিরোপা উঠেছিল বাংলাদেশের হাতে। ২০২১ সালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ আসরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সাফের ওই আসরের আয়োজক ছিল বাংলাদেশ। ২০২২ সালে অনূর্ধ্ব-১৮ এর দ্বিতীয় আসরের শিরোপা ভারতের কাছে হাতছাড়া হয়েছিল।

২০২৩ সালে প্রথমবার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের আসরের আয়োজন করে বাংলাদেশ। ফাইনালে নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-২০ আসরের প্রথম শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। তারপর ২০২৪ সালে হওয়া অনূর্ধ্ব-১৯ আসরে ভারতের সাথে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের প্রতিনিধিরা। যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার আসরে ম্যাচে ১-১ গোলের ড্রয়ের পর ১১-১১ পেনাল্টিতেও মিমাংসা না হওয়ায় যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় দুদলকে।
আরও একটি আসরের ফাইনালে বাংলাদেশ। ভারতকে হারাতে পারলে টানা চারসহ ষষ্ঠ শিরোপা ঘরে তুলবে বাংলাদেশ নারী ফুটবল দল।