সাম্প্রতিক চোটের পরও আসন্ন বিশ্বকাপের আগে গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনের ফিট হয়ে ওঠা নিয়ে আস্থা রেখেছেন জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান।

বার্সেলোনা থেকে আরো বেশি ম্যাচ খেলার আশায় ছয় মাসের ধারে জিরোনায় যোগ দিয়ে শনিবার (৩১ জানুয়ারি) দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন ৩৩ বছর বয়সী টের স্টেগেন। কিন্তু ওই ম্যাচেই উরুর পেশিতে চোট পান তিনি।

জিরোনা এক বিবৃতিতে জানিয়েছে, টের স্টেগেনকে আরো পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। তবে ধারণা করা হচ্ছে, ওই চোটের কারণে তাকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে। যার মধ্যে রয়েছে মার্চে সুইজারল্যান্ড ও ঘানার বিপক্ষে জার্মানির দু’টি প্রীতি ম্যাচও।

এ সম্পর্কে কোচ নাগেলসম্যান বলেন, ‘এটা সত্যিই হতাশার। মার্ক মাত্রই ফিরেছিল এবং ভালো পথেই এগোচ্ছিল। আমরা জাতীয় দলে তার ফেরার অপেক্ষায় ছিলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো বাড়তি চাপ ছাড়াই সে যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। আমরা সবাই তার পাশে আছি।’

দীর্ঘদিন বিশ্বকাপজয়ী ম্যানুয়েল নয়্যারের পেছনে জার্মানির দ্বিতীয় পছন্দের গোলরক্ষক ছিলেন টের স্টেগেন। ২০২৪ সালে নয়্যারের অবসরের পর তিনি মূল গোলরক্ষকের দায়িত্ব নেন, কিন্তু এরপর একের পর এক চোট তাকে ভোগাচ্ছে।

গত মৌসুমের বড় একটা সময় হাঁটুর চোটে খেলতে পারেননি টের স্টেগেন। চলতি মৌসুমে পিঠের সমস্যার কারণে মাঠের বাইরে ছিলেন তিনি।

এই চোটের ধারাবাহিকতাই তাকে বার্সেলোনা ছাড়তে বাধ্য করেছে। ২০১৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই গোলরক্ষক সেখানে হুয়ান গার্সিয়া ও ভয়চেক শেজনির পেছনে তৃতীয় পছন্দে নেমে গিয়েছিলেন।

নাগেলসম্যান ও জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) ক্রীড়া পরিচালক রুডি ফোলার বারবারই বলেছেন, ফিট থাকলে টের স্টেগেনই জার্মানির প্রথম পছন্দ। তবে বিশ্বকাপের আগে নিয়মিত ম্যাচ খেলার প্রয়োজনীয়তার কথাও তারা জোর দিয়ে উল্লেখ করেছেন।

টের স্টেগেনের অনুপস্থিতিতে হফেনহেইমের গোলরক্ষক অলিভার বোমান দায়িত্ব পালন করছেন। তবে জাতীয় দলে নয়্যারের ফেরার দাবিও জোরালো হচ্ছে।

২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপ জয়সহ চারটি বিশ্বকাপ খেলেছেন অভিজ্ঞ নয়্যার। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় ১১ জুন শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের সময় তার বয়স হবে ৪০।

নয়্যার এখনো ক্লাব ফুটবলে বায়ার্ন মিউনিখের অধিনায়ক ও চলতি মৌসুমে বুন্দেসলিগার ২০ ম্যাচের মধ্যে ১৬টিতেই খেলেছেন।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews