জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। একটি নির্দিষ্ট দলের দিকে হেলে পড়ছে নির্বাচন কমিশন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, সারাদেশে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন। আজও ঢাকা-১৭ আসনে একদল ব্যাংক কর্মকর্তা একজন প্রার্থীর জন্য মিছিল করছেন, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ইসিকে এসব নিয়ে অভিযোগ করা হলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

একের পর এক জামায়াতের শীর্ষ নেতাদের আইডি হ্যাকের অভিযোগ তুলে তিনি বলেন, রাষ্ট্রপতি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সারোয়ার আলমের জামায়াত আমিরের আইডি হ্যাকিংয়ে সম্পৃক্ততা পেয়েছে ডিবি। তাই তার নামে মামলা করতে গেছে আমাদের সাইবার টিম।

পরিকল্পিতভাবেই ভারতের ম্যালওয়্যার ব্যবহার করে একটি মহল জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের আইডি হ্যাক করছে বলেও অভিযোগ করেন জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের এই প্রধান।

এর আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত ওই কর্মকর্তার নাম মোহাম্মদ ছরওয়ারে আলম। তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার। জামায়াত আমিরের ডিভাইস নিয়ন্ত্রণে নিয়ে বিতর্কিত পোস্ট ইস্যুতে গত ৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাতে তাকে আটক করা হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews