মন্ত্রিসভার সিদ্ধান্তের পর ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফের প্রক্রিয়া শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। মোট ১৩ লাখ ১৭ হাজার ৪৯৮ জন কৃষক এ ঋণ মওকুফের সুবিধা পাবেন। এতে রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় হবে ১ হাজার ৫৬৮ কোটি টাকা।
আগামী সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ পুরো টাকা দিয়ে দেবে একই মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে। পরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে টাকা পাবে ব্যাংকগুলো। তার আগে নিরীক্ষা করতে হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত হয়। নির্বাচনী ইশতেহারে এটা বিএনপির প্রতিশ্রুতি ছিল। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতের কৃষকেরা এ সুবিধা পাবেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বৈঠকের পর জানিয়েছিলেন, এ সিদ্ধান্তের ফলে মওকুফ হবে মোট ১ হাজার ৫৫০ কোটি টাকা এবং এতে প্রায় ১২ লাখ কৃষক সুফল পাবেন।