নরসিংদীর মাধবদীতে এক কিশোরী ধর্ষণ ও হত্যাকাণ্ডের ১০ দিন পার হতে না হতেই এবার চার সন্তানের জননী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগীর অভিযোগ দাখিলের পর সন্ধ্যায় অভিযান চালিয়ে হৃদয় নামে একজনকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ।
পুলিশ জানায়, ভুক্তভোগী নারী ঈদ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে কেনাকাটা করতে মাধবদী বাজারে যান। কেনাকাটা শেষে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে হৃদয় তার গতিরোধ করেন। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে পূর্ব থেকেই আরও তিনজন অপেক্ষারত ছিল। সেখানে ওই নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী পরিবারকে বিস্তারিত জানান এবং মাধবদী থানায় লিখিত অভিযোগ দেন।
মাধবদী থানার ওসি কামাল হোসেন জানান, মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত হৃদয় নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ওসি আরও জানান, অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।