ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা-অভিনেত্রী রাশমিকা মান্দানা অবশেষে তাদের সাত বছরের প্রেমের সম্পর্ককে পূর্ণতা দিয়েছেন। তাদের বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান আগামী ৪ মার্চ হায়দরাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

রাজস্থানের উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে এই তারকা দম্পতি এখন হায়দরাবাদে অবস্থান করছেন।

বিয়ের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন এই যুগল। 

সম্প্রতি সেই সাক্ষাতের অভিজ্ঞতা ও প্রাপ্ত উপহারের কথা গণমাধ্যমে জানিয়েছেন বিজয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনযায়ী, বিজয় দেবেরাকোন্ডা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাটানো সময়টি তাদের জন্য ছিল অত্যন্ত সম্মানজনক। সাক্ষাতের সময় তারা ভারতীয় সংস্কৃতি ও স্থাপত্য নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী এই নবদম্পতিকে আশীর্বাদ করার পাশাপাশি বিজয়ের বাবা-মায়ের উদ্দেশে একটি বিশেষ চিঠি লিখে দিয়েছেন। 

অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দম্পতিকে আশীর্বাদস্বরূপ একটি গণেশ মূর্তি উপহার দিয়েছেন। 

এ সম্পর্কে বিজয় জানান, সেই উপহারটি বর্তমানে তাদের বাড়ির প্রার্থনাকক্ষে রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের ভারতীয় সিনেমা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

উদয়পুরে অত্যন্ত ঘরোয়া কিন্তু আভিজাত্যপূর্ণ পরিবেশে বিয়ে সেরেছেন বিজয় ও রাশমিকা। আধুনিক সাজসজ্জার পরিবর্তে কয়েক দশকের পুরনো ঐতিহ্যবাহী ‘প্রাইমাল’ রীতিতে সেজেছিল তাদের বিয়ের মণ্ডপ। 

সেখানে মাটির উপাদান, ফুল ও কলাপাতা ব্যবহার করা হয়েছিল। তেলুগু এবং কোডাভা- দুই বিশেষ রীতি মেনে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। 

বিয়ের দিন বিজয়ের পরনে ছিল ঐতিহ্যবাহী উত্তরীয় ও স্বর্ণালঙ্কার এবং রাশমিকা সেজেছিলেন সাবেকি ঘরানার গহনা ও পোশাকে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews