গৌরবময় পথচলার ১৭ বছর পূর্ণ করে ১৮ বছরে পদার্পণ করেছে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত গণমাধ্যম ‘দেশ টেলিভিশন’। ২০০৯ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে যাত্রা শুরু করা এই চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতালিতে বর্ণিল আয়োজনে উৎসব পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ইতালির স্থানীয় একটি মিলনায়তনে আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা প্রেসক্লাব ইতালির সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরীর সভাপতিত্বে এবং ইতালি প্রতিনিধি জায়েদুল হক সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় দেশ টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাবাস্সুম আশরাফ বলেন, সময়ের চাহিদাকে গুরুত্ব দিয়ে দেশ টিভি এখন নতুন লোগো ও হাই-ডেফিনিশন (HD) প্রযুক্তিতে সজ্জিত। গণমানুষের বঞ্চনা, অধিকার আর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দেশ টিভি সবসময় আপসহীন থাকবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, দীর্ঘ ১৭ বছরের পথচলায় সংবাদ ও অনুষ্ঠানে বস্তুনিষ্ঠতার পরিচয় দিয়ে আসছে দেশ টিভি। ২০১১ সালে ‘কে হতে চায় কোটিপতি’র মতো জনপ্রিয় আয়োজনের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই চ্যানেলটি এখন পুরোপুরি সংবাদভিত্তিক টেলিভিশন হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রবাসীরা আশা প্রকাশ করেন, নতুন উদ্যমে দেশ টিভি বিদেশের মাটিতেও বাংলাদেশের সংস্কৃতি ও সঠিক সংবাদ তুলে ধরবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে কেক কেটে ১৮ বছরে পদার্পণ উদযাপন করা হয়। এসময় দেশ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন উপস্থিত সকলে।