সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের আগে উমেশ যাদব বলেছিলেন, কারও কাছে তাঁর আর কিছু প্রমাণ করার নেই। তাঁর যে এই ৩৪ বছর বয়সেও ভালো বোলিং করা এবং উইকেট নেওয়ার সামর্থ্য আছে, এটা তিনি নিজের কাছেই প্রমাণ করার কথাও বলেছিলেন। কিন্তু ভারতীয় পেসার আজ এটা পারেননি। ৪ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে তিনি ছিলেন উইকেটশূন্য।
আসলে আজ হায়দরাবাদের ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠী ও এইডেন মার্করামের কাছে পাত্তা পাননি কলকাতা নাইট রাইডার্সের কোনো বোলারই। তাই তো টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৭৫ রান করার পরও ৭ উইকেটে হারতে হয়েছে কলকাতাকে। তা–ও আবার ১৩ বল বাকি থাকতেই।