সিডনিতে বাংলাদেশ নারী ফুটবল দলের সংবাদ সংগ্রহে আসা বাংলাদেশি সাংবাদিকদের সম্মাননা জানিয়েছে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) অস্ট্রেলিয়া।

গতকাল বৃহস্পতিবার প্রায় ৩০ জন সাংবাদিককে এ সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে ইফতার ও নৈশভোজও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ নারী ফুটবলের সাম্প্রতিক সাফল্য বিশ্ববাসীর সামনে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন। প্রধান অতিথি ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার ইমরুল কায়েস। 

তিনি বলেন, বাংলাদেশের নারী ফুটবল দল শুধু এশিয়া কাপেই নয়, ভবিষ্যতে বিশ্বমঞ্চেও নিজেদের সক্ষমতার প্রমাণ দেবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ধারাবাহিক সাফল্যের মাধ্যমে বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক ফুটবলে আরও বড় অবস্থান তৈরি করবে।

অনুষ্ঠানে ট্রাব অস্ট্রেলিয়ার সভাপতি ও ভয়েস অব সিডনি সম্পাদক অর্ক হাসান সভাপতিত্ব করেন। যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রোজ ও গালিব ইবনে রিয়াজ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিডনির সাবেক কাউন্সিলর শাহ জামান টিটু, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি ও বাফুফের অস্ট্রেলিয়া প্রতিনিধি আব্দুল খান রতন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সভাপতি মনিরুল হক জর্জ, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মতিন, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমতউল্লাহ এবং নাট্যকার বেলাল ঢালী।

বক্তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশের নারী ফুটবলের এই অগ্রযাত্রা আগামী দিনেও অব্যাহত থাকবে।



বিডি-প্রতিদিন/এমই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews