যুক্তরাষ্ট্র আশা করছে, ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান কয়েক মাস নয়; বরং কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে। স্থলবাহিনী ব্যবহার না করেই ওয়াশিংটন তাদের সব লক্ষ্য অর্জন করতে পারবে বলে মনে করছে তারা। গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কথা বলেছেন।
এরই মধ্যে উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। সৌদি আরবের এক বিমানঘাঁটিতে ইরানের হামলায় দুজন মার্কিন সেনা গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া ওই হামলার ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।