পৃথিবীর সব সন্তানই তার বাবাকে ভালোবাসে, বাবাকে গভীর ভাবে শুদ্ধা করে। বাবা দিবস নিয়ে সঙ্গীত তারকাদের সাথে কথা বলে লিখেছেন সমুদ্র বিপ্লব।

আলাউদ্দিন আলী : বাবা যখন বেঁচে ছিলেন তখন খুব তার আদর নিতাম। আবার বকাঝকা করলে  খুব মন খারাপ করতাম। এখন আমি বাবা। আমার বেলায় ও একই ব্যবহার ঘটবে এটাই নিয়ম। তবে এখন মনে হয় বাবার জন্য অনেক কিছু করার ছিল। আমি যখন থাকব না আমার সন্তানদের মনেও একই রকম মনে হতে পারে।

শওকত আলী ইমন: আমার বাবা ছিলেন সংস্কৃতিমনা। বাবা হারমনিয়াম, তবলা, বাশি সব বাজাতে পারতেন। আমাদের পরিবার ছিল একান্ন পরিবারের মত। প্রতি সপ্তাহে অন্তত একবার ফ্যামিলি প্রোগ্রাম হতো আমাদের বাসায়। আমার খালা , ফুফু, কাছের সব আত্মীয় স্বজন আসতেন ওই দিন গান করতে। বাবা আমাকে সব সময় উৎসাহ দিতেন গান করার জন্য। যেদিন ফ্যামিলি প্রোগ্রাম হত সেদিন সকাল বেলায় বাবা বলতেন ভাল করে গান প্রাকটিস কর তোমার ভাল করে গাইতে হবে। বাবার অনুপ্রেরণা পেয়ে আমি সারা দিন গান করতাম। আজ যে আমি সংগীত পরিচালক শওকত আলী ইমন, এটার জন্য আমার বাবার অবদান সবচেয়ে বেশী। আজ আমার বাবা নেই। বাবাকে খুব মনে পড়ে। পৃথিবীর সকল বাবার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

রাজন সাহা: ছোট বেলায় বাবাকে খুব একটা কাছে পাইনি। বাবা সকাল বেলায় ব্যবসার কাজে বাজারে যেতেন আর আসতেন অনেক রাতে, ততক্ষণ আমি গভীর ঘুমে বিভোর থাকতাম। আমার বন্ধুরা যখন তার বাবার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত তখন আমার খুব আফসোস হত। মনে মনে বলতাম আমি যদি আমার বাবার সাথে ঘুরতে যেতে পারতাম । তবে বিভিন্ন পূজা পার্বনে বাবা আমাদেরকে নিয়ে ঘুরতে যেতেন। আমার বাবা প্রতিদিন খুব ভোরে মর্নিং ওয়াকে যেতেন। আমি একদিন বাবার সাথে মর্নিং ওয়াকে গেলাম। বাসায় ফেরার পথে দেখি আমাদের গ্রামের এক কাকা মাখন বিক্রি করছে। বাবাকে বললাম কিনে দিতে। মাখন খেয়েতো আমি খুব মজা পেয়ে গেলাম। এরপর আমি প্রতিদিন বাবার সাথে মর্নিং ওয়াকে যেতাম এবং মাখন খেতাম। বাবা একদিন ঠিকই বুঝতে পারলেন আমি মাখন খাওয়ার লোভে প্রতিদিন বাবার সাথে মর্নিং ওয়াকে যাই। এরপর যদি কোনও দিন আমি মর্নিং ওয়াকে যেতে মিস করতাম বাবা আমার জন্য মাখন কিনে এনে দিতেন। আমার বাবা খুব সহজ সরল। বাবার সরলতার সুযোগ নিয়ে আমার বাবাকে অনেকে ঠকিয়েছে কিন্তু আমার বাবা ভুল করেও কোন দিন কাওকে ঠকায়নি। বাবার মত ভাল মানুষ খুব একটা হয় না। বাবাকে বড় ভালোবাসি।

সজীব দাস: আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। চাকরির সুবাদে বাবাকে অনেকে অনেক কিছু গিফট দিতে চাইতেন। কিন্তু সেগুলো বাবা কখনওই গ্রহণ করতেন না। বাবার অনেক বন্ধুরা এমনকি অনেক আত্মীয়রা বলেছেন যদি কেও খুশি হয়ে কিছু গিফট করে তাহলে সেগুলো গ্রহণ করবে না কেন? তবু বাবা কখনই গ্রহণ করেনি। বাবা বলেছে খুশি হয়ে ওরা আমায় ঘুষ দিতে চায় কিন্তু ঘুষের টাকায় আমার সন্তানদের কিছু কিনে খাওয়াব না। বাবা আমাদেরকে সব সময় বলতেন সত্য, ন্যায়ের পথে থাকবা একদিন অবশ্যই তোমার লক্ষে পৌছাতে পারবা, স্বপ্ন ছুঁতে পারবা সফল হতে পারবা। আমি ছোট বেলা থেকেই গিটার বাজাতাম। আমার মা গিটার বাজানো দেখে অনেক সময় বকাঝকা করলেও বাবা কখনো রাগ করতেন না। আমার হাতে গিটার দেখলে বলতেন ভাল করে বাজাও ভাল করে শিখতে হবে। বাবা সব সময় আমায় অনুপ্রেরণা দিতেন। যখন আমার কাছের কিছু মানুষ আমার সংগীত সাধনাকে উপহাস করত, আমার তখন খুব মন খারাপ হলে বাবা উৎসাহ দিয়ে বলতেন তুমি অনেক বড় হয়ে ওদের দেখিয়ে দাও তুমি ওদের উপহাসের পাত্র নও। আজ যখন আমি সংগীত পরিচালক হয়েছি তখন বাবা নেই। হটাৎ বাবা হার্টএ্যাটাক করে না ফেরার দেশে চলে গিয়েছেন। গিটার নিয়ে বসলেই বাবাকে খুব মিস করি। বাবাকে অনেক বড় বেশি ভালোবাসি।

নির্ঝর: আমার বাবা আমাকে অনেক, অনেক বেশি ভালোবাসেন। ছোট বেলায় মায়ের হাত ধরে সবখানে যেতাম, কিন্তু একটু বড় হয়ে গানের জগতে প্রবেশ করার পর বাবা আমার সাথে সবখানে যান। বাবা আমাকে খুব টেককেয়ার করেন। বিভিন্ন সময়ে আমি বিভিন্ন স্টেজ শো, টিভির লাইভ প্রোগামে গেলে বাবা আমার সাথে যান। এমনও হয়েছে রাত দুইটা, তিনটার সময় বাসায় ফিরতে হয়েছে। কিন্তু বাবা আমাকে একা রেখে নিজে কখনো বাসায় ফেরেননি। আমার বাবার বয়স হয়েছে। উনাকে অনেকে বলেন আপনি সব সময় কেন আপনার মেয়ের সাথে তার প্রোগ্রামে যান? বাবার উত্তর একটাই শো করে অনেক রাতে আমার মেয়ে একলা বাসায় ফিরলে নিশ্চই বিভিন্ন জন বিভিন্ন কটু কথা বলবে। কিন্তু বাবা হয়ে আমি চাইনা আমার মেয়ের সম্পর্কে কেও খারাপ মন্তব্য করুক। সত্যি আমার বাবা অসাধারণ একজন বাবা। সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা।




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews