আন্তর্জাতিক ক্রিকেটে দেখা না মিললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় কাটছে সাকিব আল হাসানের। বিশ্বের বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে নিয়মিত খেলা এই তারকা অলরাউন্ডার এবার নাম লিখিয়েছেন নতুন একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।

আসন্ন এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে মাঠে নামবেন সাকিব। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) এমআই নিউইয়র্কের হয়ে খেলছেন তিনি। সেই ব্যস্ততার মাঝেই এসেছে নতুন এই খবর।

ছয় দল নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়ান লিজেন্ডস লিগ। বাংলাদেশ টাইগার্স তাদের অভিযান শুরু করবে ৩১ জুলাই ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১ আগস্ট শ্রীলঙ্কান লায়ন্স, ৩ আগস্ট আফগানিস্তান পাঠানসের ও পরে পাকিস্তান প্যান্থার্সের মুখোমুখি হবে দলটি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭ আগস্ট এশিয়ান স্টার্সের বিপক্ষে খেলবে বাংলাদেশ টাইগার্স।

সূচি অনুযায়ী, টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ আগস্ট।

সাকিবের পাশাপাশি বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে জাতীয় দলের সাবেক ও অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটারও থাকতে পারেন। সম্ভাব্য তালিকায় রয়েছেন রুবেল হোসেন, নাজমুস সাদাত, নাঈম ইসলাম, শফিউল ইসলাম, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, আবুল হাসান রাজু ও আসিফ আহমেদ রাতুল।

বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগের পরিচিত মুখ সাকিবের এই অংশগ্রহণ বাংলাদেশী ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি আগ্রহের উপলক্ষ হয়ে উঠতে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews