দুনিয়ার অন্যতম বহুমাত্রিক রাজনৈতিক ও ব্যবসায়ী এসোসিয়েশন ‘আসিয়ান’ এর একটি আন্তর্জাতিক মিটিং অনুষ্ঠিত হয়ে গেল অস্ট্রেলিয়ায়। সেই অধিবেশনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজি এমপি নিজে সিডনিতে বসবাসরত পরিচিত মুখ ডা. নূর-উর-রহমান খোকনকে বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে কাজ করার জন্য আসিয়ানের ‘বিজনেস চ্যাম্পিয়ন’ হিসেবে নিয়োগ দিয়েছেন।
মঙ্গলবার (৫ মার্চ) আসিয়ান-অস্ট্রেলিয়ার শীর্ষ সম্মেলন চলাকালীন সময়ে এই চমকপ্রদ ঘোষণাটি আসে।
আরও পড়ুন : সোমালি জলদস্যু কারা, তারা কতটা শক্তিশালী?
অস্ট্রেলিয়ার ‘সাউথইস্ট এশিয়া ইকোনমিক স্ট্রাটেজি-ইনভেস্ট: অস্ট্রেলিয়ার সাউথইস্ট এশিয়া ইকোনমিক স্ট্রাটেজি-২০২৪’ এর আওতায় অন্যতম উদ্যোগ হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়।
বিজনেস চ্যাম্পিয়ন হিসেবে ডা. নূর রহমানের ভূমিকা হবে আসিয়ান ও অস্ট্রেলিয়া বিশেষ করে অস্ট্রেলিয়া-ব্রুনাইয়ের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে কাজ করা। অস্ট্রেলিয়া ও আসিয়ানের মধ্যে বৃহত্তর বাণিজ্যিক সংযোগ সহজতর ও বৃদ্ধি করার জন্য কয়েকজন প্রথিতযোশ্যা বিজনেস চ্যাম্পিয়নদের নিয়োগ দেওয়া হয়েছে। বিজনেস চ্যাম্পিয়নগণ দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর জন্য সুপারিশ এবং বাস্তবায়ন সহায়তা দেবে।
প্রধানমন্ত্রী এন্থনি এলবানিজি আসিয়ানের জন্য ২ বিলিয়ন বিনিয়োগ অর্থায়নও ঘোষণা করেছেন। বিজনেস চ্যাম্পিয়নরা আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বিনিয়োগের সুযোগগুলো চিহ্নিত করা, বৃদ্ধি করা ও সহজতর করার পাশাপাশি অস্ট্রেলিয়ান ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগ সহায়তা দানের মাধ্যমে অস্ট্রেলিয়ান কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে।
ডা. নূর রহমানের কৃষি, খাদ্য উৎপাদন, বিপণন ও খাদ্য ব্যাবস্থাপনাসহ বিভিন্ন শিল্পে বহু বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে। তিনি আট বছর ব্রুনেই এর বৃহত্তম সরকারী খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ঘানিম ইন্টারন্যাশনাল কর্পোরেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন এবং ব্রুনাই হালাল উৎপাদন সুবিধা এবং গ্লোবাল হালাল ফুড ব্র্যান্ড উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাছাড়া তিনি বাংলাদেশ, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে কাজ করেছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার কৃষি খাদ্য বিষয়ে পরামর্শ ও রফতানিকারক প্রতিষ্ঠান প্রিস্টিন প্যাসিফিক অস্ট্রেলিয়ার নির্বাহী পরিচালক।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা এসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)। দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা, যা ১৯৬৭ সালের ৮ আগস্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়। পরে ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার এবং ভিয়েতনাম এর সদস্যপদ লাভ করে। এর লক্ষ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক বিবর্তন তার সদস্যদের মধ্যে ত্বরান্বিত করা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা, এবং সদস্য দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণভাবে পার্থক্য নিয়ে আলোচনা করা।
আসিয়ান দেশগুলোর মিলিত ভূখণ্ড ৪৪.৬ লক্ষ বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের ৩ ভাগ এবং এর মিলিত জনসংখ্যা প্রায় ৬০ কোটি, যা বিশ্বের জনসংখ্যার ৪.৪ ভাগ। আসিয়ানের সমুদ্র সীমা তার ভূখণ্ডের তুলনায় প্রায় তিন গুণ বড়। ২০১২ সালে, এর মিলিত জিডিপি মার্কিন $২.৩ ট্রিলিয়নের অধিক ছিল। যদি আসিয়ান একটি একক সত্তা হত, তাহলে এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হিসাবে স্থান হবে, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান ও জার্মানি পিছনে থেকে।
ড. নুর-উর-রহমান খোকন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি। তিনি ব্যক্তিজীবনে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়া যুবলীগের নেত্রী ডা. লাভলী রহমানের জীবনসঙ্গী।