রাজশাহীতে আম দিয়ে জিলাপি বানানোর প্রচার চালানোর দায়ে এক মিষ্টির দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে নগরের উপশহর নিউ মার্কেট এলাকায় এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।
হাসান-আল-মারুফ বলেন, রাজশাহীতে আলোচনায় ছিল কাঁচা আম দিয়ে জিলাপি বানানোর খবর। অনেক ভোক্তা তাঁদের কাঁছে ও মহানগর পুলিশের কাছে এই বিষয়ে জানতে চাচ্ছিলেন যে, এই মৌসুমে কীভাবে আম দিয়ে জিলাপি বানানো হয়? আম তো বড় হয়নি। পরে এর সত্যতা জানতে নগরের উপশহর এলাকায় তাঁরা আরাফাত রুবেলের ‘রসগোল্লা’ নামে মিষ্টির দোকানে যান। সেখানে গিয়ে দেখা যায়, জিলাপির ওপর গুটি গুটি আাম রাখা। পাশেই দেখেন রাসায়নিক কালার ফুড গ্রেইন পেস্ট রাখা আছে। এটা আমের তৈরি জিলাপি নয়, এটাকে বলা যায় আমের ফ্লেভারের জিলাপি। কিন্তু রুবেল এটা আমের তৈরি জিলাপি বলে প্রচার চালিয়ে ভোক্তাদের কাছে প্রতারণার আশ্রয় নিয়েছেন। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।