টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করে ফেলল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তালিকায় থাকা ক্রিকেটারদের ভেতর থেকেই সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্বকাপের সেরা ক্রিকেটারকে বেছে নেবেন নির্বাচকরা। আটজনের তালিকায় জায়গা পেয়েছেন ৬ দেশের ৮ ক্রিকেটার।

১) উইল জ্যাকস
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটারের দৌড়ে প্রথমেই নাম রয়েছে ইংল্যান্ডের জ্যাকসের। ইংল্যান্ডের অলরাউন্ডার ৮টি ম্যাচ খেলে ২২৬ রান করেছেন এবং ৯টি উইকেট নিয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য চারবার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন জ্যাকস। বিশ্বকাপে জ্যাকসকে ফিনিশার হিসাবে ব্যবহার করছেন ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম। নতুন এই ভূমিকায় জ্যাকসের স্ট্রাইক রেট ১৭৬.৫৬।

২) সাহিবজাদা ফারহান
তালিকায় দ্বিতীয় স্থানে পাকিস্তানের ফারহান। ওপেনিং ব্যাটার বিশ্বকাপে ৭টি ম্যাচ খেলে ৭৬.৬০ গড়ে ৩৮৩ রান করেছেন। তার স্ট্রাইক রেট ১৬০.২৫। একমাত্র ক্রিকেটার হিসেবে এবারের বিশ্বকাপে একাধিক শতরানও করেছেন পাকিস্তানি ব্যাটার। করেছেন দু’টি অর্ধশতরান। এখন পর্যন্ত তিনিই সবচেয়ে বেশি রান করেছেন এবারের বিশ্বকাপে।

৩) লুঙ্গি এনগিডি
প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এনগিডিও। ৭টি ম্যাচ খেলে প্রোটিয়া পেসার ১২টি উইকেট নিয়েছেন। ওভার প্রতি খরচ করেছেন ৭.১৯ রান। কানাডার বিপক্ষে ৪ উইকেট এবং আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেট নেন এনগিডি। ভারতের বিপক্ষে উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছিলেন মাত্র ১৫ রান।

৪) এডেন মার্করাম
তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করামের নামও। তিনি বিশ্বকাপের ৮টি ম্যাচে ২৮৬ রান করেছেন। ১টি উইকেটও নিয়েছেন। তিনটি অর্ধশতরান এসেছে মার্করামের ব্যাট থেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে তার অপরাজিত ৮৬ রানকে প্রতিযোগিতার অন্যতম সেরা ইনিংস হিসেবে বিবেচনা করা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও অপরাজিত ৮৬ রান করেছেন তিনি।

৫) রাচিন রবীন্দ্র
প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে নিউজিল্যান্ডের রাচিনও। ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার বিশ্বকাপে এখন পর্যন্ত ৮টি ম্যাচ থেকে ১১টি উইকেট নিয়েছেন। ১২৮ রান করেছেন ব্যাট হাতে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৭ রানে ৪ উইকেট এবং ইংল্যান্ডের বিপক্ষে ১৯ রানে ৩ উইকেট নেন। ব্যাটিং অলরাউন্ডার হিসেবে পরিচিত রাচিন এবারের বিশ্বকাপের অন্যতম সফল স্পিনার।

৬) শ্যাডলে ফান শকউইক
আইসিসির তালিকায় জায়গা পেয়েছেন গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া যুক্তরাষ্ট্রের এক ক্রিকেটারও। পেসার শকউইক ৪টি ম্যাচ খেলে ১৩টি উইকেট নিয়েছেন। ওভার প্রতি খরচ করেছেন ৬.৮০ রান। ভারত এবং পাকিস্তানের বিপক্ষে ৪টি করে উইকেট নিয়েছিলেন মার্কিন বোলার। এখনো তিনি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে। ইংল্যান্ডের আদিল রশিদ, ভারতের বরুণ চক্রবর্তী এবং জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিও ১৩টি করে উইকেট নিয়েছেন। তবে তারা খেলেছেন যথাক্রমে আটটি, আটটি এবং ছয়টি ম্যাচ।

৭) টিম সেইফার্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন নিউজিল্যান্ডের সেইফার্টও। কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ৮টি ম্যাচ খেলে ৪৫.৬৬ গড়ে করেছেন ২৭৪ রান। তার স্ট্রাইক রেট ১৬১.১৭। তিনটি অর্ধশতরান এসেছে তার ব্যাট থেকে। তার মধ্যে রয়েছে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে ৫৮ রানের ইনিংস।

৮) সঞ্জু স্যামসন
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন স্যামসন। প্রতিযোগিতার শুরুতে ভারতের প্রথম একাদশে জায়গা না পাওয়া উইকেটরক্ষক-ব্যাটার ৪টি ম্যাচ খেলে করেছেন ২৩২ রান। তার গড় ৭৭.৩৩। স্ট্রাইক রেট ২০১.৭৩। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অপরাজিত ৯৭ রানের ইনিংল খেলার পর ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে করেছেন ৮৯ রান। গুরুত্বপূর্ণ সময় ভারতীয় দলকে ব্যাট হাতে নেতৃত্ব দিচ্ছেন কেরালার ক্রিকেটার। পর পর দুই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পাওয়া স্যামসন পরে শুরু করেও ঢুকে পড়েছেন প্রতিযোগিতার সেরাদের তালিকায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews