চোটের কারণে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়েই শঙ্কায় ছিলেন নেইমার। বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে আনন্দে কাঁদেন এই তারকা ফুটবলার। কিন্তু বিশ্বকাপ দলে নেইমারকে রেখেও বিপাকে পড়েছে ব্রাজিল।

ব্রাজিলের স্থানীয় সময় গত রাতে নেইমারের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন সান্তোসের মেডিক্যাল বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব। ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম ‘জিই’কে তিনি বলেন, ‘নেইমারের মাংসপেশিতে সামান্য চোট রয়েছে। সেখানে ফোলা রয়েছে। তবে তাঁর পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম যথাযথভাবে এগোচ্ছে।’

নেইমার সবশেষ চোটে পড়েছেন রোববার ঘরের মাঠে কুরিতিবার বিপক্ষে ম্যাচে। সেদিন ৬৪ মিনিটের সময় মাংসপেশির সমস্যার কারণে মাঠে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত হয় ঠিকই। তবে তিনি বিষয়টি না বুঝে মাঠে ঢুকে তর্কে জড়িয়েছিলেন। সেই ম্যাচে কুরিতিবার কাছে ৩-০ গোলে হেরেছিল সান্তোস। আজ ভোরে সান্তোসের ঘরের মাঠে কনমেবল সাডামেরিকানাতে তিনি খেলতে পারেননি। তাঁর দলও জেতেনি। ২-২ গোলে ড্র হয়েছে সান লরেনৎসো-সান্তোস।

২০২৫ সালের মে মাসে ব্রাজিলের কোচ হওয়ার পর আনচেলত্তি দীর্ঘ এক বছরে যখন ডাকেননি নেইমারকে, তখন নেইমারের বিশ্বকাপ দলে খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। কারণ, চোটের সঙ্গে নেইমারের যুদ্ধটা নিত্যনৈমিত্তিক আর আনচেলত্তি চান পূর্ণ ফিট খেলোয়াড়। শেষ পর্যন্ত নেইমার ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ দলে ডাক পেলেন এবং ডাক পাওয়ার পর কেঁদেও দিয়েছিলেন।

২০২৩ সালের অক্টোবরে সবশেষ আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন নেইমার। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ ফুটবল বিশ্বকাপ দিয়ে ব্রাজিলের জার্সিতে তার ফেরা হতে পারে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ।

আন্তর্জাতিক ফুটবলে নেইমার ১২৮ ম্যাচে করেছেন ৭৯ গোল। অ্যাসিস্ট করেছেন ৫৯ গোলে। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নেইমারের পরেই পেলে। আন্তর্জাতিক ফুটবলে পেলে করেন ৭৭ গোল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews