পরিবার গঠনে তরুণদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান। কর্মীদের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বিয়ে করলে মোটা অঙ্কের আর্থিক অনুদান এবং সন্তান জন্মের ক্ষেত্রে দ্বিগুণ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে দুবাইভিত্তিক ‘আল হাবতুর গ্রুপ’। সমাজমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে দুবাইয়ের প্রখ্যাত ধনকুবের এবং আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালাফ আল হাবতুর জানিয়েছেন, তার প্রতিষ্ঠানে কর্মরত কোনো আমিরাতি নাগরিক বিয়ে করার সিদ্ধান্ত নিলে ৫০ হাজার দিরহাম (টাকায় ১৬ লাখ) প্রদান করা হবে। শুধু এ ঘোষণাই নয়, বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে ওই দম্পতির সন্তান জন্ম নিলে অনুদানের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করারও প্রতিশ্রুতি দিয়েছেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ টাকার সমান। তিনি আরও বলেন, ‘বিবাহ এবং পরিবার গঠন কেবল ব্যক্তিগত কোনো বিষয় নয়, বরং এটি একটি সামাজিক ও জাতীয় দায়িত্ব। একটি শক্তিশালী জাতি ও স্থিতিশীল সমাজ গঠনে পরিবারের ভূমিকা অপরিসীম।’ -খালিজ টাইমস