নিজের কথায় নিজেই ধরা পড়ে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দৃশ্যত উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন। দুঃখ ও রহস্যের জন্ম দিয়েছে তখন- যখন ভোটগণনা, ফলাফলের প্রক্রিয়া পুরোটাই ছিল ইঞ্জিনিয়ারিংয়ে ভরা। দক্ষ ইঞ্জিনিয়াররা দক্ষতার সঙ্গে কাজ করেছে। ১১টা পর্যন্ত জামায়াতের বিপুল বিজয়ের সম্ভাবনা ছিল, সেখানে রাত দশটার দিকে নির্বাচন সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। এরপরই অল্প অল্প ভোটে জামাতের পরাজয়ের খবর আসে।’
তিনি বলেন, ‘জামায়াতে আমির ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্নে বলেছেন, অতীতে দেখা যায় যারা কারচুপি করে, তারা বলে আমি কলা খাইনি, ঠিক তেমনি তাদের মুখ থেকেই বেরিয়ে যাবে। রাজসাক্ষী পেয়ে গেছি আমরা। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসনকে বলছি, আপনি ব্যাখা দেওয়ার চেষ্টা করেছেন মিডিয়ায়। বলেছেন- উগ্রবাদী এবং তাদের মেইনস্ট্রিমে আসতে দেই নাই। বিরোধী দলে কোনো উগ্রবাদী নেই। সংসদে কোনো উগ্রবাদী নেই। ইসলাম কোনো চরমপন্থাকে প্রশ্রয় দেয় না। আপনারা নারীবাদী হয়ে যা বলেন তার চেয়ে হাজারগুণ মর্যাদা নারীকে দেওয়া হয়েছে।’
জামায়াত ইসলামী মবের রাজনীতি করে না জানিয়ে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, ‘আনন্দবাজারের সঙ্গে আবার বললেন- মবের স্বীকার হলে জামায়াত-শিবিরকেই দায়ী থাকতে হবে, এগুলো উসকানি। আপনার কথাই তো প্রমাণ আপনারা আমাদের মেজরিটি পেতে দেননি। আপনার সঙ্গে আর কে কে ছিলেন তাদের নাম প্রকাশ করুন।’
বাম সেজে দেশকে অস্থিতিশীল করতে আন্তর্জাতিক অঙ্গনে যারা চক্রান্ত করেন তারাই মেইনস্ট্রিম কী জবাব দেবেন উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচনে ১৭০টিরও বেশি আসন আমরা পাব। কিন্তু পরিকল্পনা করে ১০০ এর নিচে নামানো হলো। ফলাফলপত্রে টেম্পারিং করা হয়েছে, কাটাছেড়া করা হয়েছে। অনেক এজেন্টের কাছ থেকে ফল গণনার আগেই ফলাফলপত্রে সই নেওয়া হয়েছে।’
রিজওয়ানার উদ্দেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা আপনার বক্তব্যের প্রতিবাদ করে জুডিসিয়াল তদন্ত চেয়েছি। আপনি বলে ফেললেল মবের স্বীকার হলে জামায়াত- শিবিরকে দায়ী হতে হবে। এত উত্তেজিত হলে চলবে কীভাবে?
এর আগে, ২ মার্চ চ্যানেল ওয়ানের একটি অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন, ‘একটা শক্তি আছে, সেই শক্তি আগেও নারী নীতি বদলে দিয়েছে।’
সেই শক্তির একটা পার্ট এখন বিরোধীদলে, প্রশ্নকর্তার এমন মন্তব্যের পর রিজওয়ানা বলেন, ‘সেই শক্তির একটা পার্ট যদি বিরোধীদল হয়েও থাকে, আপনার আমার কাজ হবে, তাদের রাজনীতির যে অংশটা নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহনের বিরুদ্ধে, সেটুকু নিয়ে কাজ করা। কখনও যেন এ জাতীয় শক্তি মেইনস্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, আমরা তাদের মেইনস্ট্রিম হতে দেইনি।’