পঞ্চগড় জেলা শহরের নিউ সিটি অফসেট প্রিন্টিং প্রেস জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে। একই সঙ্গে নানা মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী নারী উদ্যোক্তা রেহেনা আক্তার। নিজের জীবিকার অবলম্বন প্রেসটি তালাবদ্ধ থাকায় সংকটে পড়েছেন বলে দাবি করেন তিনি। প্রেসের কর্মচারীরাও মানবেতন দিন পার করছেন। গতকাল পঞ্চগড় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে ব্যবস্থা নিতে তিনি জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ওই প্রেসে মারামারি হয়েছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটি পক্ষ লিখিত অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে রেহেনা জানান, ১৯৮০ সালে পঞ্চগড় বাজারের কদমতলায় ৫.৬২ শতক জমিতে সিটি স্টিল নামক ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন তার স্বামী গোলাম রব্বানী বানী। ২০০৭ সালে ব্যবসা বদলে ওই স্থানে নিউ সিটি অফসেট প্রিন্টিং প্রেস স্থাপন করেন। ২০২১ সালে গোলাম রব্বানী মারা গেলে প্রতিষ্ঠানটির দায়িত্ব নেন রেহেনা। গত ৩১ জানুয়ারি তার স্বামীর ভাই ইকবাল কায়সার মিন্টুর স্ত্রী ও মেয়ে ভাড়াটে লোকজন নিয়ে প্রেসটি তালাবদ্ধ করে দেয়। বণিক সমিতির মধ্যস্থতায় এক সপ্তাহ পড়ে খুলে দিলেও গত বৃহস্পতিবার আবার লোকজন নিয়ে জবরদখলের চেষ্টা করেন তারা। একপর্যায়ে বণিক সমিতির লোকজন প্রেসটি তালাবদ্ধ করে দেন।

রেহেনা আক্তার বলেন, ‘আমার স্বামীর চার দশকেরও বেশি সময় এখানে ব্যবসা করেছেন। তিনি মারা যাওয়ার পর আমরা প্রেসটি পরিচালনা করে জীবিকা নির্বাহ করছি। আমাদের আয়ের আর কোনো পথ নেই। স্বামীর ভাইয়ের স্ত্রী ও মেয়ে ভাড়াটে লোকজন নিয়ে বারবার প্রেসে আক্রমণ করছেন। আমাকে হুমকিধমকি দিচ্ছে। প্রেসটি বন্ধ থাকায় আমরা কঠিন সমস্যা পড়েছি। সামনে ঈদ, কীভাবে চলব ভেবে পাচ্ছি না। শ্রমিকরা মানবেতন দিন কাটাচ্ছেন। আমি চাই প্রশাসন যেন বিষয়টি সমাধান করে দেয়। সেই সঙ্গে যারা প্রেসটি জবরদখলের চেষ্টা করেছে তাদের আইনের আওতায় আনা হোক।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews