আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসছে ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬। ইতোমধ্যেই দল সাজানো নিয়ে নানা পরিকল্পনা শুরু করে দিয়েছে চুড়ান্ত পর্বে জায়গা করে নেয়া দলগুলো। শক্তিশালী দল গঠনে চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে ফেভারিট দলের কোচেরা। আসন্ন বিশ্বকাপের জন্য চমকপ্রদ দল সাজানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান। ক্লাবের শুরুর একাদশের নিয়মিত সদস্য কিংবা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেই যে জাতীয় দলে সুযোগ মিলবে, সে আলোচনা উড়িয়ে দিয়েছেন জার্মান কোচ। বিশ্বকাপে ‘ই’ গ্রুপে পড়া জার্মানি ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বিশ্বকাপ ট্রফি পুনরুদ্ধারের অভিযান। এর আগে শেষ প্রস্তুতি হিসেবে চারটি প্রীতি ম্যাচ খেলবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচগুলো দিয়েই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল গুছিয়ে নেবেন নাগেলসম্যান। ফ্লোহিয়ান ভিয়েৎস, জামাল মুসিয়ালা ও জসুয়া কিমিচের মতো মূল খেলোয়াড়দের জার্মানির বিশ্বকাপ দলে জায়গা পাওয়া একরকম নিশ্চিত। তবে কিছু কঠিন সিদ্ধান্তও নিতে হবে কোচকে। কিকারে দেওয়া সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী নাগেলসম্যান বলেন, শুধু ফর্ম দেখেই খেলোয়াড় বাছাই করবেন না তিনি। দলের সামগ্রিক পরিকল্পনা ও কাঠামোর সঙ্গে কে কতটা মানিয়ে নিতে পারে, সেদিকেও নজর দিচ্ছেন তিনি। তার কথায় , ‘মূল বিষয় হলো, কারা একসঙ্গে মানিয়ে নিতে পারে। এখনই বলতে পারি, এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হবে যা খেলোয়াড়দের তো বটেই মানুষের জন্যও অবাক করার মতো হবে। ক্লাবের শুরুর একাদশের নিয়মিত সদস্য ও গুরুত্বপূর্ণ পারফর্মার এখানে প্রথম পছন্দের খেলোয়াড় নাও হতে পারে।’ চলতি মাসের শেষ দিকে সুইজারল্যান্ড ও ঘানার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। এই ম্যাচগুলোকে নিজের পরিকল্পনা ঝালিয়ে নেওয়ার ও খেলোয়াড়দের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করার সুযোগ হিসেবে দেখছেন নাগেলসমান। পরের দুই ম্যাচের স্কোয়াডের সঙ্গে বিশ্বকাপ দলের খুব একটা পার্থক্য থাকবে না বলেও উল্লেখ করেন তিনি। ফুটবলারদের জন্যও একটি বার্তা দিয়ে রাখলেন নাগেলসম্যান। বায়ার্ন মিউনিখের সাবেক কোচ চান, যাকে যে ভূমিকা দেওয়া হবে সেটা মেনে নিতে হবে এবং দলের জন্য যা করতে বলা হবে সেটা করতে হবে। নাগেলসম্যান বলেন, ‘প্রথমে খেলোয়াড়দের মৌখিকভাবে আন্তরিকতার সঙ্গে প্রতিশ্রুতি দিতে হবে। তবে প্রীতি ম্যাচে তাদেরকে দেখাতেও হবে যে, নিজেদের কথায় তারা অটল এবং দলের স্বার্থে নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত। অভিজ্ঞতা থেকে আমি জানি, এটা সবাই করতে পারবে না।’ ক্লাব পর্যায়ে নিয়মিত বেশি সময় খেলার সুযোগ না পেলেও জাতীয় দলের জন্য লেয়ন গোরেটস্কাকে গুরুত্বপূর্ণ মনে করেন নাগেলসমান। তিনি মনে করেন লেয়নের সুযোগ পাওয়ার ভালো সম্ভাবনা আছে এবং ওই একইরকম দায়িত্বে বিশ্বকাপ বাছাইয়ে যে পজিশনে সে খেলেছিল, এমনকি বায়ার্নে সে তেমন সুযোগ না পেলেও বিশ্বকাপ দলে তাকে দেখা যেতে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews