বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশ মারাত্মক সংকটময় পরিস্থিতিতে উপনীত হয়েছে। অবৈধ সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করেছে। তারা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।





শুক্রবার বিকালে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, দেশ ও দেশের মানুষকে বাঁচাতে হলে এ স্বৈরাচারী সরকারকে হটানোর কোনো বিকল্প নেই।

মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে দেওয়া প্রেস নোট প্রসঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, প্রেস নোটে বলা হয়েছে- বাংলাদেশের কোনো নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেন নাই। কোনো নির্বাচন অংশগ্রহণমূলক হয় নাই। পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। প্রতিবাদ করলেই জেল-জুলুম হামলা মামলার শিকার হচ্ছেন রাজনৈতিক নেতাকর্মীরা। সাংবাদিকরাও সরকারের রোষানলে পড়ে জেল-জুলুমের শিকার হচ্ছেন। জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।

রাজশাহীকে বিএনপির দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে উল্লেখ করে দুলু বলেন, ১৯৭৩ সালেও রাজশাহীর মানুষ নৌকা মার্কাকে জয়লাভ করতে দেননি। নৌকাকে প্রত্যাখ্যান করে মইনুদ্দীন মানিককে এমপি করেছিল রাজশাহীর মানুষ। মামলা দিয়ে, হামলা করে, গুম করে, বিএনপিকে আটকে রাখা যাবে না।

দেশের সংকট থেকে উত্তরণে আন্দোলনের বিকল্প নেই উল্লেখ করে তিনি আরও বলেন, সারা পৃথিবীতে গণতন্ত্রের জয়-জয়কার চলছে। সেখানে বাংলাদেশে স্বৈরশাসক বা অবৈধ কোনো সরকার দেশ চালাতে পারে না। ঈদের পর দেশে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে। একটাই শপথ এ অবৈধ সরকারের পতন। আমাদের এই অঙ্গীকার করতে হবে যতক্ষণ পর্যন্ত এ অবৈধ সরকারকে ক্ষমতা থেকে না হটাব, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরব না।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলি ইশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, নগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশিদ প্রমুখ নেতা বক্তব্য দেন। পরে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির এক সভায় যোগ দেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews