জ্বলে উঠতে বড্ড দেরি করে ফেললেন মোহামেডানের তারকারা। তাই লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৮০ রানের দাপুটে জয়ের পরও বিরস বদনেই সাজঘরে ফিরতে হয়েছে মাহমুদউল্লাহদের। মোহামেডানের সুপার লিগে ওঠার সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল আগের দিনই। তাই গতকাল দাপট দেখালেও খুব একটা লাভ হয়নি। কেবল জয় দিয়ে লিগ শেষ করার সান্ত্বনা নিয়েই বাড়ি ফিরতে হলো তাদের। দিনের অন্য গুরুত্বপূর্ণ ম্যাচে সিটি ক্লাবকে ৫৩ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পোক্ত করেছে শেখ জামাল। সমান ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে থেকে সুপার লিগ শুরু করবে তারা।
১৪ এপ্রিল বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৪ উইকেটে রূপগঞ্জ টাইগার্স হারিয়ে দেওয়ার পরই মোহামেডানের সুপার লিগে খেলার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল। গতকালের জয়ের পর গাজী গ্রুপ ও টাইগার্সের সমান ১০ পয়েন্ট হয় মোহামেডানেরও। কিন্তু হেড টু হেডে এ দুই দলের কাছে পিছিয়ে পড়ে সাদাকালো শিবির। লিগ পর্বে এ দুই দলের কাছেই হেরেছিল মোহামেডান। তাই ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম হয়ে লিগ শেষ করল ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। হেড টু হেড হিসেবেই রূপগঞ্জ টাইগার্স পঞ্চম ও গাজী গ্রুপ ষষ্ঠ হয়ে সুপার লিগে নাম লেখায়। পয়েন্ট টেবিলের সেরা ছয় দলকে নিয়ে হয় শিরোপা নির্ধারণী সুপার লিগ।

সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, তাসকিন, মেহেদী হাসান মিরাজদের দলে টেনে এবার দলবদলে বেশ সাড়া ফেলেছিল মোহামেডান। কিন্তু জাতীয় দলের খেলা থাকায় এক মাহমুদউল্লাহ ছাড়া তারকাদের কাউকেই লিগের প্রথম পর্বে পায়নি তারা। মাহমুদউল্লাহও শেষ দিকে ক'টি ম্যাচ খেলেছেন। এ ছাড়া সৌম্য, শুভাগত, রনিরাও নিয়মিত পারফর্ম করতে পারেননি। এবারের লিগে গতকালই প্রথম তিনশ স্পর্শ করে মোহামেডান। বিকেএসপির তিন নম্বর মাঠে ৯১ বলে সেঞ্চুরি করেন তাদের শ্রীলঙ্কান রিক্রুট কুশল মেন্ডিস। রান পেয়েছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন, ৬৮ বলে ৭৬ রান করেন তিনি। তাদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে ৪৭ বলে ৭০ রানের বিস্ম্ফোরক ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ৩০৭ রান করে মোহামেডান। ব্যাটারদের রানে ফেরার দিনে জ্বলে ওঠেন বোলাররাও। বাঁহাতি স্পিনার নাজমুল অপু ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ২২৭ রানে গুটিয়ে দেন মাশরাফি-নাঈমদের।
মিরপুরে ১৯৭ রানে অলআউট হয়েও ৫৩ রানের জয় পেয়েছে শেখ জামাল। ব্যাটারদের ব্যর্থতার মাঝে অধিনায়ক ইমরুল কায়েস ৬১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষ দিকে মৃত্যুঞ্জয় দলকে দুইশর কাছাকাছি নিয়ে যান। জবাব দিতে নেমে সিটি ক্লাবও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। রবি ও পারভেজ রসুলের স্পিনে দেড়শর আগেই গুটিয়ে যায় তারা।





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews