টেসলার প্রধান নির্বাহী এবং মাইক্রোব্লগিং সাইট টুইটারের এককভাবে সবচেয়ে বেশি শেয়ারের মালিক ইলন মাস্ক।
মাস্ক টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার আগেই কিনেছেন। এবার পুরো টুইটারই নিজের করে নিতে চান তিনি। এজন্য বিশ্বের শীর্ষ এ ধনকুবের প্ল্যাটফর্মটির দাম হাঁকিয়েছেন চার হাজার ১০০ কোটি (৪১ বিলিয়ন) ডলার।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ইলন মাস্ক টুইটারের প্রতিটি শেয়ারের দাম ৫৪ দশমিক ২০ ডলার দিতে চেয়েছেন। গত বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থার এক নথিতে এ তথ্য জানানো হয়। ইলন মাস্কের টুইটার কেনার প্রস্তাব দেওয়ার পর এটির শেয়ারের দাম ১২ শতাংশ বেড়ে গেছে।
এর আগে টুইটারের ৯ শতাংশ শেয়ার কেনার কথা জানিয়েছিলেন মাস্ক। টুইটার চেয়ারম্যান ব্রেট টেলরকে লেখা এক চিঠিতে মাস্ক বলেছেন, টুইটারে বিনিয়োগ করার পর থেকে বুঝতে পারছি বর্তমান অবস্থায় প্রতিষ্ঠানটি উন্নতি করবে না বা সামাজিক প্রয়োজন মেটাবে না। টুইটারকে একটি প্রাইভেট কোম্পানি হিসেবে পরিবর্তন করতে হবে।
মাস্ক বলেন, আমার প্রস্তাবটি সেরা ও চূড়ান্ত। এ প্রস্তাব যদি গৃহীত না হয় তবে শেয়ারহোল্ডার হিসেবে আমার অবস্থান বিবেচনা করতে হবে।
গত সপ্তাহের শুরুতে মাস্ক বলেন, টুইটারের পরিচালনা বোর্ডে যুক্ত হওয়ার পরিকল্পনা থাকলেও তা বাতিল করেছি। কারণ টুইটার বোর্ডে বসলে কোম্পানি কিনে নেওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়তে হবে আমাকে।
এদিকে টুইটার বোর্ড জানিয়েছে, তারা মাস্কের প্রস্তাব পেয়েছে। প্রস্তাবটি যাচাই-বাছাই করা হচ্ছে।