ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ঘোষিত আফগানিস্তান দলে রাখা হয়নি রাশিদ খানকে। কয়েক মাস আগে টেস্ট ক্রিকেট নিয়ে নিজের ভবিষ্যৎ ভাবনার কথা জানিয়েছিলেন আফগান তারকা লেগ স্পিনার, সেই সিদ্ধান্তেরই প্রতিফলন দেখা গেল এই স্কোয়াডে।

আফগানিস্তানের বোলিং আক্রমণের প্রধান ভরসা রাশিদের পাশাপাশি টেস্ট দলে নেই ওপেনার ইব্রাহিম জাদরানও। পায়ের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই সিরিজে খেলতে পারছেন না তিনি। তবে ওয়ানডে সিরিজের জন্য দুজনকেই দলে রাখা হয়েছে।

টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত দুর্দান্ত রেকর্ড রাশিদের। মাত্র ছয়টি ম্যাচে তিনি নিয়েছেন ৪৫ উইকেট। পাঁচবার ইনিংসে পাঁচ উইকেট এবং তিনবার ম্যাচে দশ উইকেট নেওয়ার কীর্তিও রয়েছে তার। কিন্তু পিঠের চোটের পর চিকিৎসক তাকে দীর্ঘ সময়ের লাল বলের ক্রিকেট থেকে সতর্ক থাকতে বলেছেন।

গত মাসে এক সাক্ষাৎকারে রাশিদ জানান, অতিরিক্ত ওভার বোলিং করার কারণে চিকিৎসক তাকে ভবিষ্যৎ নিয়ে সতর্ক করেছিলেন। সবশেষ টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৫৫ ওভার বল করার বিষয়টি জেনে চিকিৎসক বিস্ময় প্রকাশ করেন এবং তাকে এমন চাপ না নেওয়ার পরামর্শ দেন।

এর আগে আরেকটি টেস্টে প্রায় ১০০ ওভার বোলিং করেছিলেন রাশিদ, যেখানে এক ইনিংসেই করেছিলেন ৬২.৫ ওভার। এরপর থেকেই টেস্ট ক্রিকেটে সীমিত অংশগ্রহণের ইঙ্গিত দেন তিনি। ধারণা করা হচ্ছে, দীর্ঘ আইপিএল মৌসুমের পর ভারতের বিপক্ষে টেস্টে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তও সেই পরিকল্পনার অংশ।

এদিকে প্রথমবারের মতো আফগানিস্তানের টেস্ট দলে ডাক পেয়েছেন রাহমানউল্লাহ জাদরান, নাঙ্গেয়ালিয়া খারোটে ও বিলাল সামি। খারোটে ইতোমধ্যে সীমিত ওভারের ক্রিকেটে দেশের হয়ে খেলেছেন, আর পেসার সামিরও রয়েছে আন্তর্জাতিক অভিজ্ঞতা।

টেস্ট ও ওয়ানডে—দুই সংস্করণেই আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন হাশমাতউল্লাহ শাহিদি। ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হবে ৬ জুন, নিউ চণ্ডীগড়ে। এরপর ১৩, ১৭ ও ২০ জুন অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

বিডি প্রতিদিন/এম.এস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews