গত ৭ জানুয়ারি মুক্তির কথা ছিল ‘শান’। মুক্তির আগে আগে হঠাৎ করেই করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মুক্তি বাতিল হয় ছবিটির। এবারের ঈদে আবার ছবিটি মুক্তির দিন ধার্য করা হয়েছে। ঈদে মুক্তি উপলক্ষে নতুন করে শুরু হয়েছে প্রচারণা। গত সপ্তাহে যমুনা ফিউচার পার্ক শপিং মলের ভেতরে ও বাইরে বিরাট ফেস্টুন ঝোলানো হয়েছে এর। পয়লা বৈশাখে রমনায় ফেস্টুন ও ব্যানার টাঙিয়ে শান-এর প্রচার করতে দেখা গেছে। এরই মধ্যে ছবির ট্রেলার ও দুটি গান নিয়ে দর্শকদের মধ্যে চলছে আলোচনা। ছবির পরিচালক এম রাহিম বলেন, ৭ জানুয়ারি মুক্তির কথা ছিল বলে প্রায় ৩৫টি হলে আগেই ট্রেলার পাঠানো হয়েছিল। অনেক হলে পোস্টারও আছে। তবে ঈদে মুক্তির জন্য নতুন করে আবার পোস্টার ছাপানো হচ্ছে, বিলবোর্ডও হবে। দর্শকদের মধ্যে ছবিটির আলোচনা তৈরি করতে ভিন্ন কৌশলে ব্যাপক প্রচারণার পরিকল্পনা চলছে। তিনি জানান, প্রচারের পাশাপাশি হল বুকিংও চলছে। এরই মধ্যে ১৫টির মতো হল বুকড হয়েছে। তাঁদের আশা, ৩৫ থেকে ৪০টি হলে শান মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন সিয়াম, পূজা চেরি প্রমুখ।