মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের হামলা ঘিরে শুরু হওয়া সংঘাত এখন সপ্তম দিনে পৌঁছেছে। এই সময়ের মধ্যে ইরান, লেবানন, ইরাকসহ বিভিন্ন এলাকায় নতুন নতুন সামরিক ঘটনার খবর সামনে আসছে। কোথাও ড্রোন ভূপাতিতের দাবি, কোথাও ক্ষেপণাস্ত্র হামলা, আবার কোথাও আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে উত্তেজনা বাড়ছে।

সর্বশেষ পরিস্থিতিতে বিভিন্ন দেশ এবং পক্ষ থেকে একাধিক দাবি ও পাল্টা দাবি উঠে এসেছে। নিচে চলমান পরিস্থিতির প্রধান ঘটনাগুলো তুলে ধরা হলো।

তেহরানে ভয়াবহ বিস্ফোরণ

সংবাদ সংস্থা এবং আল জাজিরার তথ্য অনুযায়ী, গত রাতে ইরানের রাজধানী তেহরানের আবাসিক এলাকা এবং তেহরান বিশ্ববিদ্যালয়ের আশপাশসহ কয়েকটি স্থানে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে।

লেবাননে ইসরায়েলি হামলা

ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলীয় কয়েকটি শহরে বোমা হামলা চালিয়েছে। এর মধ্যে বেকা উপত্যকার দোরিস এবং রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলী দাহিহ অন্তর্ভুক্ত রয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে ইরানি দূতাবাসে কর্মরত কূটনীতিকদের দলত্যাগ করে রাজনৈতিক আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আইআরজিসি (IRGC) কমান্ডাররা অস্ত্র ত্যাগ করে দলত্যাগ করলে তাদের দায়মুক্তির প্রস্তাব দিয়েছেন তিনি।

কুয়েত ও কাতারে উত্তেজনা

শক্তিশালী বিস্ফোরণের খবরের মধ্যে গত রাতে পুরো কুয়েতজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দোহার আল উদেইদ বিমান ঘাঁটিতে একটি ড্রোন হামলা প্রতিহত করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

ভারত মহাসাগরে সংঘাত

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে একটি ইরানি সামরিক জাহাজ ডুবিয়ে দেওয়া মার্কিন পরমাণু চালিত সাবমেরিনে তিনজন অস্ট্রেলীয় নাগরিক ছিলেন।

সংযুক্ত আরব আমিরাতের পদক্ষেপ

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত তাদের দেশে থাকা বিপুল পরিমাণ ইরানি সম্পদ ফ্রিজ বা বাজেয়াপ্ত করার বিষয়টি বিবেচনা করছে।

ক্ষয়ক্ষতি ও বর্তমান পরিস্থিতি

ইরানের অবস্থা নিয়ে ট্রাম্পের দাবি

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান নির্ধারিত সময়ের আগেই এবং এমন মাত্রায় ধ্বংস হচ্ছে যা মানুষ আগে কখনো দেখেনি। তিনি দাবি করেন, দেশটির এখন কোনো বিমানবাহিনী বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অবশিষ্ট নেই।

প্রাণহানি

গত শনিবার থেকে ইরান অভিমুখে মার্কিন ও ইসরায়েলি হামলায় অন্তত ১,২৩০ জন নিহত হয়েছেন। আধা সরকারি ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের দক্ষিণ পশ্চিমে পারান্দ শহরে দুটি স্কুলে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

পাল্টা হামলা

ইরান সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইনসহ উপসাগরীয় বিভিন্ন দেশকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার গভীর রাতে ইসরায়েলের তেল আবিবে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সূত্রঃ আল জাজিরা

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews