অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যর্থতার দিনে দায়িত্ব নিলেন শারমিন আক্তার সুপ্তা। এই টপ অর্ডার ব্যাটারের ঝড়ো ফিফটিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শক্ত পুঁজি পায় বাংলাদেশ। পরে বাঁহাতি স্পিনে প্রতিপক্ষকে ধসিয়ে দেন নাহিদা আক্তার। গতকাল নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ জিতেছে ২১ রানে। সুপ্তার ৩৯ বলে ৬৩ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ করে ১৫৯ রান। জবাবে ১৩৮ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন নাহিদা। সমসংখ্যক রান দিয়ে ৩ উইকেট পান রিতু মনি।
বড় রান তাড়ায় ভালো শুরু পেয়েছিল যুক্তরাষ্ট্র। সপ্তম ওভারে ৪২ রানে তাদের ওপেনিং জুটি ভাঙেন রাবেয়া খান। দিশা দিঙ্গারাকে ফেরান ২৩ রানে। আরেক ওপেনার চেতনা প্রজ্ঞায়ালা ৩১ বলে ৩৬ রান করে ম্যাচে রেখেছিলেন যুক্তরাষ্ট্রকে। তাকে আউট করেছেন রিতু মনি। তার আগে নাহিদা মিডল অর্ডারে হানা দেন। শেষ দিকে রিতু সিং ১৩ বলে ৩৩ রান করলেও বাংলাদেশের পুঁজির কাছে যেতে পারেনি যুক্তরাষ্ট্র।
কাঠমান্ডুতে এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম উইকেট হারায় তৃতীয় ওভারে। দলের ২৬ রানে ফিরে যান দিলারা আক্তার। তবে তিনে নেমে ভরসা জোগান সুপ্তা। দলকে টানতে থাকেন তিনি। অভিষিক্ত জুহেইরিয়া ফেরদৌস ১৭ করে ফিরে যাওয়ার পর অধিনায়ক জ্যোতি আউট হন কেবল ২ রান করে। পরে সোবহানা মোশতারিকে সঙ্গে নিয়ে ইনিংস টানেন সুপ্তা। ২৯ বলে ৩২ করে থামেন মোশতারি। ৮ চার ও ১ ছক্কায় ১৯তম ওভারে আউট হন সুপ্তা। ততক্ষণে স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ দেড়শর কাছে চলে যায়। পরে ধরা দেয় কাক্সিক্ষত জয়।
বিশ্বকাপ বাছাইপর্বে ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল উঠবে সুপার সিক্সে। সুপার সিক্সে অন্য গ্রুপ থেকে ওঠা তিন দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে দলগুলো। সুপার সিক্স পর্বের শীর্ষ চারটি দল চূড়ান্ত পর্বের টিকিট পাবে। জুনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব হবে ইংল্যান্ডে। যুক্তরাষ্ট্র ছাড়াও গ্রুপ ‘এ’তে বাংলাদেশের সঙ্গী আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি ও নামিবিয়া। বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল, পাপুয়া নিউগিনি বিপক্ষে।