আর্জেন্টিনার জার্সিতে আরেকটি স্মরণীয় অধ্যায়ের সামনে দাঁড়িয়ে এমিলিয়ানো মার্তিনেজ। আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই বিশ্বকাপ ইতিহাসে দলটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষকের রেকর্ড দখলে নেবেন বিশ্বকাপজয়ী এই তারকা।

২০২২ কাতার বিশ্বকাপ ও চলতি ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন মার্তিনেজ। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নেমেই তিনি স্পর্শ করেন ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি গোলরক্ষক উবালদো ফিয়োলের ১৩ ম্যাচের রেকর্ড।

আর ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে খেললেই ফিয়োলকে পেছনে ফেলে এককভাবে রেকর্ডের মালিক হবেন তিনি। এই মাইলফলকে পৌঁছানোর পথে মার্তিনেজ প্রথমে ছাড়িয়ে যান সার্জিও রোমেরোকে।

দক্ষিণ আফ্রিকা ২০১০ ও ব্রাজিল ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মোট ১২টি ম্যাচ খেলেছিলেন রোমেরো। অন্যদিকে ফিয়োল খেলেছিলেন তিনটি বিশ্বকাপ।

১৯৭৪ সালে পশ্চিম জার্মানিতে একটি, ১৯৭৮ সালে আর্জেন্টিনায় সাতটি ও ১৯৮২ সালে স্পেনে পাঁচটি- সব মিলিয়ে ১৩ ম্যাচ। এতদিন সেটিই ছিল আর্জেন্টিনার কোনো গোলরক্ষকের সর্বোচ্চ বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড।

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গোলপোস্ট সামলানোদের তালিকায় এরপরই আছেন ১২ ম্যাচ খেলা সার্জিও রোমেরো। এছাড়া ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপে মোট ৯টি ম্যাচ খেলেছিলেন নেরি পুম্পিদো। সার্জিও গোয়কোচেয়া ও আন্তোনিও রোমা খেলেছেন ছয়টি করে ম্যাচ।

রোবের্তো আব্বোন্দানসিয়েরি ও দানিয়েল কার্নেভালির ঝুলিতে রয়েছে পাঁচটি করে ম্যাচ। সব মিলিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে অন্তত কয়েক মিনিট মাঠে নেমেছেন ১৯ জন গোলরক্ষক।

মার্তিনেজ এমন এক সময়ে এই রেকর্ডের সামনে দাঁড়িয়ে, যখন আর্জেন্টাইন ফুটবলে তাকে ইতোমধ্যেই ফিয়োল ও পুম্পিদোর মতো কিংবদন্তিদের সাথে তুলনা করা হচ্ছে। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের নায়ক ২০২৬ বিশ্বকাপেও আলো ছড়াচ্ছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews