গত মাসে সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে হত্যার ঘটনায় তিন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার লিবিয়ার প্রসিকিউটররা এ তথ্য জানান। যদিও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে গত ফেব্রুয়ারির শুরুতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাইফ।

একসময় দেশটির সম্ভাব্য উত্তরসূরী হিসেবে মনে করা হতো তাকে।

প্রসিকিউটর কার্যালয় জানায়, তদন্তে সন্দেহভাজনদের মিলিত হওয়ার স্থান; অপরাধ সংঘটনের সময় এবং ঘটনাস্থলে তাদের উপস্থিতি নিশ্চিত করা গেছে। সবার পরিচয়ও শনাক্ত করা হয়েছে।

ফেসবুকে দেয়া বিবৃতিতে আরো বলা হয়, তাদেরকে গ্রেফতারের নির্দেশও দেয়া হয়েছে।

বাবা গাদ্দাফির শাসনামলে উত্তর আফ্রিকার দেশটিতে সাইফ আল-ইসলামের আনুষ্ঠানিক পদ ছিল না। তবে তাকে কার্যত লিবিয়ার প্রধানমন্ত্রী হিসেবেই দেখা হতো। তিনি সংস্কার ও মধ্যপন্থার ভাবমূর্তি গড়ে তুলেছিলেন।

তবে ২০১১ সালের ‘আরব বসন্ত’ সংঘটিত হওয়ার পর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। একই বছর লিবিয়া কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে।

পরে ত্রিপোলির একটি আদালত সাইফ আল-ইসলামের মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে পরে তাকে সাধারণ ক্ষমাও করা হয়েছিল।

গাদ্দাফিপুত্রের ফরাসি আইনজীবী মার্সেল সেকালদি এএফপিকে জানান, চার সদস্যের একটি কমান্ডো দল সাইফের বাড়িতে ঢুকে তাকে হত্যা করে।

সূত্র : এএফপি/বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews