ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও মানববিহীন আকাশযান (ইউএভি)-এর হুমকির প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠার পর একাধিক নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। এ কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সর্বশেষ সতর্কতা জারি করা হয় সকাল ৬টা ২৪ মিনিটে। তখন কর্মকর্তারা নিশ্চিত করেন যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র হুমকার মোকাবিলা করছে। বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার এবং সরকারি নির্দেশনা ও আপডেট অনুসরণ করার আহ্বান জানানো হয়। এটি ভোর থেকে জারি করা তৃতীয় সতর্কতা, এর আগে আরও দুটি সতর্কবার্তা দেয়া হয়।

প্রথমে বৃহস্পতিবার সতর্কতা জারি করা হয় রাত ৩টা ২৬ মিনিটে। ওই সময় কর্তৃপক্ষ জানায় যে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হুমকির জবাব দিচ্ছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়। দ্বিতীয় সতর্কতা আসে রাত ৪টা ৫ মিনিটে। এ সময় আবারও নিশ্চিত করা হয় যে প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হুমকির মোকাবিলা করছে এবং সবাইকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আমিরাতের বিভিন্ন স্থানে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ফল। একই সঙ্গে যুদ্ধবিমানগুলো ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলা করেছে। কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সব নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

বাসিন্দাদের আরও সতর্ক করা হয়েছে যেন তারা প্রতিহত করা ক্ষেপণাস্ত্র বা ড্রোনের কোনো ধ্বংসাবশেষের কাছে না যান, স্পর্শ না করেন বা ছবি না তোলেন। এসব পরিস্থিতি সামাল দিতে বিশেষজ্ঞ দলগুলোকে দায়িত্ব দেয়ার কথা বলা হয়েছে। কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে জরুরি কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আমিরাত পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনে আরও সতর্কতা বা আপডেট দেয়া হতে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews