কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে অপহরণের শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল। বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ থানার কোটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁকে দাউদকান্দি এলাকায় নিয়ে টাকা ও মোবাইল ফোন থেকে টাকা লুট করে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় বৃহস্পতিবার শিক্ষক আবদুর রাজ্জাক কুমিল্লা সদর দক্ষিণ থানায় অজ্ঞাত চারজন ব্যক্তিকে আসামি করে মামলা করেন।
গতকাল আবদুর রাজ্জাক বলেন, বুধবার দুপুরে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে ঢাকার বাসের জন্য অপেক্ষা করছিলাম। এ সময় একটি প্রাইভেট কার এসে থামে আমার সামনে। গাড়িতে থাকা একজন আমাকে জিজ্ঞাসা করে, উবার কল করেছি কি না। আমি করিনি বলে জানাই। এসব কথার মধ্যেই প্রাইভেট কারে থাকা লোকজন আমাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয় এবং আমার চোখ ও হাত-পা বেঁধে ফেলে। আবদুর রাজ্জাক আরও বলেন, তারা অস্ত্রের মুখে জিম্মি করে আমার কাছে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ এবং ১৫ হাজার টাকা নিয়ে নেয়। আমাকে মারধর করে এটিএম কার্ডের পাসওয়ার্ড দিতে বাধ্য করা হয়। একই সঙ্গে তারা আমার বিকাশ নম্বরের পাসওয়ার্ডও নিয়ে নেয়। অপহরণকারী চারজন ছিলেন। তিনি আরও বলেন, তারা আমাকে দাউদকান্দি এলাকায় আবিদ মার্কেটের পাশে ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথে নিয়ে যায়। সেখানে চার ধাপে ২০ হাজার টাকা করে ৮০ হাজার টাকা উত্তোলন করা হয়। এ ছাড়া আমার মানিব্যাগে থাকা ১৫ হাজার টাকা ও বিকাশ থেকে ২৫০০ টাকা নিয়ে মোট ৯৭ হাজার ৫০০ টাকা লুটে নেয় দুর্বৃত্তরা। পরে আমাকে দাউদকান্দির শহীদনগর এলাকায় মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ভুক্তভোগী শিক্ষক অজ্ঞাতপরিচয় চার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার তদন্ত চলছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ তৎপর আছে।